তরুণ প্রজন্মকে দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে গুইমারায় সেনাবাহিনীর যুব সেমিনার
![]()
উচ্চশিক্ষা, কর্মজীবন ও পেশাগত দক্ষতা উন্নয়নে শিক্ষার্থীদের দিকনির্দেশনা; অংশ নিলেন গুইমারা ও মানিকছড়ির ১২০-১৩০ জন
জার্নাল প্রতিবেদক
পার্বত্য চট্টগ্রামের আর্থসামাজিক উন্নয়ন, শিক্ষার প্রসার এবং তরুণ প্রজন্মকে দক্ষ, সচেতন ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে খাগড়াছড়ির গুইমারায় একটি যুব সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে উচ্চশিক্ষা, ভবিষ্যৎ কর্মজীবন, পেশাগত দক্ষতা উন্নয়ন এবং সামাজিক অবক্ষয় থেকে তরুণ সমাজকে দূরে রাখার বিষয়ে শিক্ষার্থীদের বিভিন্ন দিকনির্দেশনা ও পরামর্শ দেওয়া হয়।
রবিবার (১৫ নভেম্বর) সেনাবাহিনীর ২৪ আর্টিলারি ব্রিগেড ও গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোনের উদ্যোগে গুইমারা থানাধীন ২ নম্বর হাফছড়ি ইউনিয়নের হেডম্যানপাড়ায় শহীদ আফতাব কাদের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সেমিনারের আয়োজন করা হয়। এতে গুইমারা ও মানিকছড়ি উপজেলার বিভিন্ন উচ্চবিদ্যালয়, কলেজ এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী নেহাত ফয়সাল।
এ সময় গুইমারার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিসকাতুল তামান্না, উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম, রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ওবাইন (পিপিএম), মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মাহমুদা কলি, গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাব হোসেন এবং গুইমারার ভারপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. বাবুল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সেমিনারে বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশে উচ্চশিক্ষার সুযোগ, পছন্দের বিষয়ে পড়াশোনা, ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতি এবং পেশাগত দক্ষতা অর্জনের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় ভালো ফলাফল অর্জন করাই যথেষ্ট নয়; এর পাশাপাশি প্রযুক্তিগত জ্ঞান, যোগাযোগ দক্ষতা, নেতৃত্বের গুণাবলি, আত্মবিশ্বাস ও বাস্তবমুখী অভিজ্ঞতা অর্জনও জরুরি। শিক্ষাজীবন থেকেই সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করে নিয়মিত অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে এগিয়ে যাওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তাঁরা।

বক্তারা আরও বলেন, পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের মধ্যেও মেধা, প্রতিভা ও সম্ভাবনার কোনো ঘাটতি নেই। প্রয়োজন সঠিক দিকনির্দেশনা, অনুকূল পরিবেশ এবং নিজেদের সক্ষমতা বিকাশের সুযোগ। শিক্ষার্থীদের নিজ নিজ অবস্থান থেকে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাওয়ার পাশাপাশি পরিবার, সমাজ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখার মানসিকতা গড়ে তুলতে হবে।
একটি সুস্থ, সুন্দর, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ পার্বত্য চট্টগ্রাম গড়ে তোলার ক্ষেত্রে তরুণ সমাজের দায়িত্ব ও ভূমিকার বিষয়টিও সেমিনারে গুরুত্ব পায়। এ সময় শিক্ষার্থীদের বাল্যবিবাহ, মাদকাসক্তি এবং যেকোনো ধরনের গুজব ও অপপ্রচার থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, মাদক ও সামাজিক অবক্ষয় তরুণদের সম্ভাবনাকে বাধাগ্রস্ত করে। অন্যদিকে, যাচাই-বাছাই ছাড়া গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হলে ব্যক্তি, সমাজ এবং সামগ্রিক পরিবেশের মধ্যে অস্থিরতা তৈরি হতে পারে। তাই শিক্ষার্থীদের সচেতন, দায়িত্বশীল ও মানবিক নাগরিক হিসেবে গড়ে ওঠার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
সেমিনারের বিশেষ আকর্ষণ ছিল গুইমারা ও মানিকছড়ি উপজেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকা থেকে উঠে আসা উদীয়মান শিক্ষার্থীদের অভিজ্ঞতা বিনিময়। স্থানীয় বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মোট ৯ জন শিক্ষার্থী বক্তা হিসেবে অংশ নিয়ে নিজেদের শিক্ষাজীবন, সংগ্রাম, সাফল্য এবং উচ্চশিক্ষায় পৌঁছানোর অভিজ্ঞতা তুলে ধরেন। তাঁরা জানান, প্রত্যন্ত অঞ্চলের নানা সীমাবদ্ধতা ও প্রতিকূলতা অতিক্রম করে নিজেদের প্রচেষ্টা, অধ্যবসায় ও পরিবারের সহযোগিতায় চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলার স্বনামধন্য কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ অর্জন করেছেন।

তাঁদের অভিজ্ঞতা ও বক্তব্য উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে উচ্চশিক্ষার প্রতি আগ্রহ, আত্মবিশ্বাস এবং ভবিষ্যৎ নিয়ে নতুন করে স্বপ্ন দেখার অনুপ্রেরণা জোগায়। একই এলাকার শিক্ষার্থীদের সাফল্যের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরার মাধ্যমে তাঁরা প্রমাণ করেন, দৃঢ় প্রত্যয়, নিয়মিত অধ্যবসায় ও সঠিক পরিকল্পনা থাকলে প্রত্যন্ত অঞ্চলে থেকেও উচ্চশিক্ষা ও পেশাগত জীবনে সাফল্য অর্জন সম্ভব।
সেমিনারে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীসহ প্রায় ১২০ থেকে ১৩০ জন অংশগ্রহণ করেন। শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সরাসরি মতবিনিময়ের সুযোগ তৈরি হওয়ায় এটি কেবল একটি আনুষ্ঠানিক আয়োজনের মধ্যে সীমাবদ্ধ থাকেনি; বরং তরুণদের ভবিষ্যৎ পরিকল্পনা, শিক্ষার সম্ভাবনা এবং সামাজিক দায়িত্ববোধ নিয়ে আলোচনা ও অভিজ্ঞতা বিনিময়ের একটি কার্যকর প্ল্যাটফর্মে পরিণত হয়।
পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন, শিক্ষার প্রসার, সামাজিক সম্প্রীতি ও সামগ্রিক উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগের ধারাবাহিকতায় সিন্দুকছড়ি জোনের এ আয়োজনকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও কর্মজীবন সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা ও দিকনির্দেশনা প্রদানের মাধ্যমে তাদের ভবিষ্যৎ গঠনে এ ধরনের আয়োজন ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
এ ধরনের শিক্ষাবান্ধব ও জনকল্যাণমূলক উদ্যোগ পার্বত্য অঞ্চলের তরুণ প্রজন্মের সম্ভাবনা বিকাশের পাশাপাশি স্থানীয় শিক্ষক, অভিভাবক ও সুধীসমাজের সঙ্গে পারস্পরিক সহযোগিতা ও আস্থার সম্পর্ক জোরদার করতে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।