দীঘিনালার দুর্গম ব্ররুবাহন হেডম্যানপাড়ায় সেনাবাহিনীর চিকিৎসাসেবা, উপকৃত চার শতাধিক মানুষ
![]()
জার্নাল প্রতিবেদক
পার্বত্য চট্টগ্রামের দুর্গম পাহাড়ি জনপদে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন। খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী ইউনিয়নের ব্ররুবাহন হেডম্যানপাড়ায় আয়োজিত দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে চার শতাধিক নারী, শিশু ও বয়স্ক মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন।
সোমবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় স্থানীয় হেডম্যানের বাড়ির সামনে খোলা স্থানে এ চিকিৎসা ক্যাম্পের কার্যক্রম শুরু হয়। দীঘিনালা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আল আমিন-এর নির্দেশনায় আয়োজিত ক্যাম্পে চিকিৎসাসেবা দেন দীঘিনালা সেনা জোনের মেডিকেল অফিসার আরএমও ক্যাপ্টেন মো. আরেফ আহমেদ এবং দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. জাহিদুল ইসলাম ভূঁইয়া।
ক্যাম্পে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর চার শতাধিক রোগীকে বিভিন্ন শারীরিক সমস্যার জন্য চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি রোগীদের মধ্যে বিনামূল্যে ওষুধ বিতরণ করে সেনাবাহিনীর মেডিকেল টিম। দুর্গম এলাকায় সরাসরি চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি দেখা যায়।

ব্ররুবাহন হেডম্যানপাড়ার বাসিন্দা রানীবালা ত্রিপুরা (৫৫) বলেন, দুর্গম এলাকার অধিকাংশ মানুষ অসহায় ও দরিদ্র। আর্থিক সংকটের কারণে নিয়মিত চিকিৎসা নেওয়া তাদের জন্য কঠিন। এ এলাকায় চিকিৎসাসেবা পাওয়ার সুযোগও সীমিত। এমন পরিস্থিতিতে সেনাবাহিনীর চিকিৎসকরা এলাকায় এসে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়ায় তারা উপকৃত হয়েছেন। এ উদ্যোগের জন্য সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
বোয়ালখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য জ্ঞান জ্যোতি চাকমা বলেন, তাঁর ওয়ার্ডের ব্ররুবাহন হেডম্যানপাড়ায় সেনাবাহিনীর মেডিকেল টিম এসে দুস্থ ও অসহায় রোগীদের চিকিৎসাসেবা এবং বিনামূল্যে ওষুধ দিয়েছে। এ ছাড়া সেনাবাহিনী বিভিন্ন সময় স্থানীয় মানুষের সহযোগিতায় এগিয়ে আসে। এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগের জন্য তিনি এলাকাবাসীর পক্ষ থেকে সেনাবাহিনীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
দীঘিনালা জোনের মেডিকেল অফিসার আরএমও ক্যাপ্টেন মো. আরেফ আহমেদ বলেন, জোন অধিনায়কের নির্দেশনায় দুর্গম এলাকায় মেডিকেল ক্যাম্পের মাধ্যমে সাধারণ মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। এ ক্যাম্পে আসা রোগীদের মধ্যে বয়স্ক নারী ও শিশুর সংখ্যা বেশি।
পার্বত্য অঞ্চলে শান্তি-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি শিক্ষা, চিকিৎসা ও আর্থসামাজিক উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। দুর্গম এলাকার মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার এ ধরনের কার্যক্রম স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা প্রাপ্তির সুযোগ বাড়াতে সহায়ক ভূমিকা রাখছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।