দীঘিনালায় আনসার-ভিডিপির উদ্যোগে বাঁশের সাঁকো নির্মাণ, উপকৃত ৪ হাজার মানুষ

দীঘিনালায় আনসার-ভিডিপির উদ্যোগে বাঁশের সাঁকো নির্মাণ, উপকৃত ৪ হাজার মানুষ

দীঘিনালায় আনসার-ভিডিপির উদ্যোগে বাঁশের সাঁকো নির্মাণ, উপকৃত ৪ হাজার মানুষ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের পাকুজাছড়া গ্রামের প্রায় চার হাজার মানুষের নদী পারাপারের দুর্ভোগ লাঘবে বাঁশের সাঁকো নির্মাণ করে দিয়েছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার-ভিডিপি)। উপজেলা আনসার-ভিডিপি কার্যালয়ের দিকনির্দেশনায় বেতছড়ি ২ নম্বর হিল ভিডিপি প্লাটুনের সদস্যরা স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় এ সাঁকো নির্মাণ করেন।

সোমবার (১৬ নভেম্বর) সকাল ৮টা থেকে সাঁকো নির্মাণের কাজ শুরু করেন আনসার-ভিডিপির সদস্যরা। বেতছড়ি ২ নম্বর হিল ভিডিপি প্লাটুনের এপিসি মো. খোরশেদ আলম এ কাজে নেতৃত্ব দেন। নির্মাণকাজে স্থানীয় বাসিন্দারাও অর্থ ও শ্রম দিয়ে সহযোগিতা করেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, পাকুজাছড়া গ্রামের মানুষের যাতায়াতের প্রধান প্রতিবন্ধকতা একটি নদী। বর্ষা মৌসুমে নৌকায় করে নদী পার হতে হয়। অন্যদিকে, শুষ্ক মৌসুমে পানি কমে গেলে হেঁটে নদী পারাপার করতে হয়। এতে প্রতিদিনই শিক্ষার্থী, রোগীসহ সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হয়। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়মিত যাতায়াতে তৈরি হয় নানা প্রতিবন্ধকতা।

পাকুজাছড়া গ্রামের কারবারি লক্ষ্মী কুমার বলেন, প্রতিবছর স্থানীয় বাসিন্দাদের নিজেদের অর্থায়নে এ স্থানে অস্থায়ী বাঁশের সাঁকো তৈরি করতে হয়। নদী পারাপারের পাশাপাশি মালামাল এক পাড় থেকে অন্য পাড়ে নেওয়ার ক্ষেত্রেও গ্রামের মানুষকে অনেক কষ্ট করতে হয়।

গ্রামের বাসিন্দা উত্তম কুমার বলেন, নদী পারাপারে দীর্ঘদিন ধরে তাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। অসুস্থ রোগীদের নিয়ে যাতায়াত করাও বেশ কঠিন। স্কুল-কলেজের শিক্ষার্থীদের প্রতিদিন নানা ভোগান্তির মধ্য দিয়ে নদী পার হয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে হয়।

দীঘিনালায় আনসার-ভিডিপির উদ্যোগে বাঁশের সাঁকো নির্মাণ, উপকৃত ৪ হাজার মানুষ

মৃণালী চাকমা বলেন, তারা এখানে একটি স্থায়ী সেতু নির্মাণ চান। মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ বিবেচনায় নিয়ে সরকারের কাছে পাকুজাছড়া নদীর ওপর একটি সেতু নির্মাণের উদ্যোগ গ্রহণের দাবি জানান তিনি।

আরেক বাসিন্দা পাথর মনি চাকমা বলেন, ছেলেমেয়েদের প্রতিদিন ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো পার হয়ে স্কুলে যেতে হয়। মাঝেমধ্যে সাঁকো থেকে পড়ে যাওয়ার ঘটনাও ঘটে। এতে সন্তানদের নিরাপদ যাতায়াত নিয়ে অভিভাবকদের সব সময় দুশ্চিন্তায় থাকতে হয়।

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোস্তাকিমুল হক বলেন, আনসার-ভিডিপি সদস্যরা সব সময় জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে আসছেন। বাহিনীর প্রধানের দিকনির্দেশনায় মানুষের উন্নয়নমূলক কর্মকাণ্ডের পাশাপাশি যেকোনো দুর্যোগ পরিস্থিতিতেও তারা মানুষের পাশে দাঁড়ান। এরই ধারাবাহিকতায় পাকুজাছড়া গ্রামের মানুষের চলাচলের সুবিধার্থে অস্থায়ী বাঁশের সাঁকো নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

স্থানীয়দের মতে, আনসার-ভিডিপির উদ্যোগে নির্মিত বাঁশের সাঁকোটি আপাতত নদী পারাপারের দুর্ভোগ কিছুটা কমাবে। তবে দীর্ঘমেয়াদি ও নিরাপদ যোগাযোগব্যবস্থা নিশ্চিত করতে পাকুজাছড়া নদীর ওপর একটি স্থায়ী সেতু নির্মাণ জরুরি। তাদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রায় চার হাজার মানুষের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে সেখানে সেতু নির্মাণের উদ্যোগ নেবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed