সাজেকে চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় চাকমা নারীকে মারধর ইউপিডিএফের, হাসপাতালে ভর্তি
![]()
জার্নাল প্রতিবেদক
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে জুমে উৎপাদিত হলুদ বাজারে বিক্রি করতে যাওয়ার পথে জয়িতা চাকমা নামে এক নারীকে মারধরের অভিযোগ উঠেছে প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফ সন্ত্রাসীদের বিরুদ্ধে। মঙ্গলবার (১৮ নভেম্বর) বেলা ১১টার দিকে উজবাজার এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগীর কাছ থেকে পাঁচ হাজার টাকা চাঁদা দাবি এবং তা দিতে অস্বীকৃতি জানানোয় তাকে মারধর করা হয়েছে বলে জানা যায়। বর্তমানে ওই নারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, জুমের হলুদ বিক্রির উদ্দেশ্যে বাজারে যাওয়ার সময় একদল সশস্ত্র ব্যক্তি জয়িতা চাকমার পথরোধ করে পাঁচ হাজার টাকা দাবি করে। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে পাশের একটি বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে লাঠি ও এসএস পাইপ দিয়ে মারধরের পাশাপাশি বুটজুতা দিয়ে মাথায় আঘাত করা হয় বলে অভিযোগ উঠেছে।

অভিযোগে এ ঘটনার জন্য পাহাড়ি সংগঠন ইউপিডিএফের সদস্যদের দায়ী করা হয়েছে। পরে স্থানীয় কয়েকজন বাঙ্গালি তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তবে এ ঘটনায় অভিযুক্তদের বক্তব্য কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
নিজের উৎপাদিত কৃষিপণ্য বিক্রি করতে যাওয়ার পথে একজন নারীর কাছ থেকে জোরপূর্বক অর্থ দাবি এবং তাতে রাজি না হওয়ায় শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ স্থানীয় পর্যায়ে উদ্বেগ তৈরি করেছে। এটি শুধু একজন নারীর ওপর সহিংসতা নয়, বরং তাঁর নিরাপত্তা, মর্যাদা, জীবিকা নির্বাহ এবং স্বাধীনভাবে চলাচলের অধিকারের ওপরও গুরুতর আঘাত।
স্থানীয়দের মতে, পার্বত্য অঞ্চলে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাঁদাবাজি ও যেকোনো ধরনের সহিংসতার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ জরুরি। বিশেষ করে জীবিকার প্রয়োজনে বাজারে যাতায়াতকারী নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।