পঞ্চগড় সীমান্তে নিরাপত্তা জোরদারে বিজিবির নতুন বিওপি উদ্বোধন
![]()
জার্নাল প্রতিবেদক
পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের নারায়ণপুরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নবনির্মিত বর্ডার আউটপোস্ট (বিওপি)’র আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকালে বিজিবির উত্তর-পশ্চিম রিজিয়ন কমান্ডার এএসএম নাছের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পটির উদ্বোধন করেন।
সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে বিজিবির ৫৬ ব্যাটালিয়নের আওতাধীন এ বিওপি ক্যাম্পের উদ্বোধন উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল সাড়ে ১০টায় আনুষ্ঠানিকভাবে ক্যাম্পের দায়িত্ব ও কার্যক্রম শুরু হয়। নতুন এ ক্যাম্প চালুর ফলে পঞ্চগড় সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা, নজরদারি ও সীমান্ত ব্যবস্থাপনা কার্যক্রম আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার, ৫৬ বিজিবির অধিনায়কসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে ফিতা কেটে ক্যাম্পের উদ্বোধন করা হয় এবং জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
পরে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথি ও বিজিবি সদস্যরা ক্যাম্প প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ ও জাতির সার্বিক সমৃদ্ধি, কল্যাণ এবং মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
নতুন বিওপি ক্যাম্পের মাধ্যমে সীমান্ত এলাকায় বিজিবির নিয়মিত টহল, নজরদারি ও দায়িত্ব পালনের সক্ষমতা আরও বাড়বে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।