আলীকদমে জুমচাষের সময় বন্য শূকরের আক্রমণে ম্রো সম্প্রদায়ের তিনজন আহত

আলীকদমে জুমচাষের সময় বন্য শূকরের আক্রমণে ম্রো সম্প্রদায়ের তিনজন আহত

আলীকদমে জুমচাষের সময় বন্য শূকরের আক্রমণে ম্রো সম্প্রদায়ের তিনজন আহত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

বান্দরবানের আলীকদমে জুমচাষের কাজ করার সময় বন্য শূকরের আক্রমণে তিনজন আহত হয়েছেন। শনিবার (২১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ৪ নম্বর কুরুকপাতা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চুংরুই পাড়ায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে। অপরজন স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন।

আহতরা হলেন নিয়াচং ম্রো (৫৮), তাঁর বাবা মেনরাই ম্রো; লুরিং ম্রো (২৮), তাঁর বাবা চংরুং ম্রো এবং মেনরু ম্রো, তাঁর বাবা বাইহই ম্রো। স্থানীয় সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে নিয়াচং ম্রোর বুকে গুরুতর আঘাত লেগেছে।

স্থানীয় সূত্র জানায়, শনিবার বিকেলে ওই তিনজন জুমে কাজ করছিলেন। এ সময় হঠাৎ একটি বন্য শূকর তাঁদের ওপর আক্রমণ করে। এতে তিনজনই আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। আহত দুজনকে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়। অপর আহত ব্যক্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে না গিয়ে কুরুকপাতা ইউনিয়নের পাশের ভোলাইপাড়া ক্যাম্পে চিকিৎসা নিচ্ছেন।

স্থানীয় জনপ্রতিনিধি চাকনাও ম্রো বলেন, জুমে কাজ করার সময় হঠাৎ বন্য শূকরটি তাঁদের ওপর আক্রমণ করে। এতে তিনজন আহত হন। দুর্গম পাহাড়ি এলাকায় এ ধরনের ঘটনায় দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা কঠিন হয়ে পড়ে। আহতদের চিকিৎসা নিশ্চিত করতে স্থানীয়ভাবে প্রয়োজনীয় সহযোগিতা করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দা জংরাই ম্রো বলেন, আহত ব্যক্তিরা তাঁর চাচা। তাঁদের আহত হওয়ার খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন চিকিৎসার ব্যবস্থা করেন। তাঁদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে।

এদিকে আহতদের দেখতে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান স্থানীয় এনজিওকর্মী মাংপা ম্রো। তিনি তাঁদের শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার পাশাপাশি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। মাংপা ম্রো বলেন, পাহাড়ি এলাকায় বন্য প্রাণীর আক্রমণে সাধারণ মানুষের আহত হওয়ার ঘটনা উদ্বেগজনক। আহতদের দ্রুত ও যথাযথ চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি তাঁদের পরিবারের পাশে দাঁড়াতে সবার সহযোগিতা প্রয়োজন।

আলীকদম সদর ইউনিয়ন বিএনপির সদ্য বিদায়ী সভাপতি আবুল কালাম বলেন, পাহাড়ি জনপদের মানুষের জীবন-জীবিকা অনেকটাই প্রকৃতির ওপর নির্ভরশীল। জুমচাষ করতে গিয়ে বন্য প্রাণীর আক্রমণে তিনজন আহত হওয়ার ঘটনা দুঃখজনক। আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি তাঁদের পরিবারের পাশে দাঁড়ানো প্রয়োজন। দুর্গম পাহাড়ি এলাকায় জরুরি চিকিৎসাসেবা পৌঁছে দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও কার্যকর উদ্যোগ নেওয়া উচিত।

আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মোস্তাফিজুর রহমান মিশকাত বলেন, আহত দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছিল। প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পর তাঁদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে রেফার করা হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *