আইসিজের রায়ে প্রত্যাবাসনের আশা, মিয়ানমারের প্রত্যাখ্যানে অনিশ্চয়তা
![]()
তারেকুর রহমান, রোহিঙ্গা ক্যাম্প থেকে ফিরে
আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায়ে রোহিঙ্গাদের ওপর গণহত্যার ঘটনায় মিয়ানমারকে দায়ী করা হয়েছে। রায়ে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের সুযোগ তৈরি করার নির্দেশনাও এসেছে। এতে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের মধ্যে নতুন করে নিজ দেশে ফেরার আশা জেগেছে।
কিন্তু সেই আশার বিপরীতে দাঁড়িয়েছে মিয়ানমার সরকারের অবস্থান। আইসিজের রায়কে ‘অন্যায্য’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে দেশটির সরকার। ফলে রায়ের মধ্য দিয়ে প্রত্যাবাসনের আইনি ভিত্তি শক্তিশালী হলেও বাস্তবে রোহিঙ্গাদের দেশে ফেরার পথ কতটা খুললো, সেই প্রশ্ন আরও জোরালো হয়েছে।
শনিবার রোহিঙ্গা ক্যাম্পে সরেজমিনে গিয়ে জানা যায়, দীর্ঘদিনের নিপীড়ন, বাস্তুচ্যুতি ও ন্যায়বিচারের অপেক্ষায় থাকা রোহিঙ্গারা আইসিজের রায়কে নিজেদের অধিকার ফিরে পাওয়ার পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন। তবে তাদের অনেকেই এখনো বিশ্বাস করতে পারছেন না, এই রায়ের ফলে শিগগিরই দেশে ফিরতে পারবেন। কারণ, মিয়ানমারের রাখাইন রাজ্যে এখনো সহিংসতা ও অস্থিতিশীলতা রয়েছে। পাশাপাশি রোহিঙ্গাদের বিতাড়িত বসতিগুলোর নিয়ন্ত্রণে থাকা আরাকান আর্মির অবস্থানও প্রত্যাবাসনের ক্ষেত্রে নতুন জটিলতা তৈরি করেছে।

এর আগে শুক্রবার (২০ নভেম্বর) কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শিবির পরিদর্শনে গিয়ে রোহিঙ্গাদের উদ্দেশ্যে কথা বলেছেন জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি রোহিঙ্গাদের প্রত্যাবাসন ও অধিকার প্রতিষ্ঠার বিষয়ে আশ্বস্ত করে তাদের জন্য ‘আরও ভালো খবর নিয়ে ফেরার’ অঙ্গীকার করেছেন।
রোহিঙ্গারা মনে করছেন, আইসিজের রায় তাদের দেশে ফেরার দাবিকে আন্তর্জাতিকভাবে আরও শক্তিশালী করেছে। তবে তাদের প্রত্যাশা, শুধু রায় কিংবা আশ্বাস নয়, নিরাপত্তা, নাগরিকত্ব ও মৌলিক অধিকার নিশ্চিত করে বাস্তব প্রত্যাবাসনের উদ্যোগ নেওয়া হবে।
ক্যাম্পের সাধারণ রোহিঙ্গাদের অনেকে বলছেন, দেশে ফেরার প্রবল ইচ্ছা থাকলেও মিয়ানমার সরকারের রায় প্রত্যাখ্যানের অবস্থান তাদের নতুন করে শঙ্কিত করেছে।
তাদের ভাষ্য, ‘আমরা নিজের দেশে ফিরতে চাই। কিন্তু মিয়ানমার যদি আন্তর্জাতিক আদালতের রায়ই না মানে, তাহলে আমাদের ফেরার নিশ্চয়তা কোথায়? অতীতেও অনেকবার প্রত্যাবাসনের কথা শুনেছি, কিন্তু বাস্তবে কিছুই হয়নি। এবারও যদি শুধু আশ্বাস দেওয়া হয়, তাহলে আমাদের অপেক্ষার শেষ হবে না। আমরা চাই, আন্তর্জাতিক সম্প্রদায় মিয়ানমারকে রায় মানতে এবং আমাদের নিরাপদে ফিরিয়ে নিতে বাধ্য করুক।’
কিন্তু বাংলাদেশের আশ্রিত রোহিঙ্গাদের প্রত্যাবাসনের আশা জাগানো এই রায় মেনে নিতে নারাজ মিয়ানমার সরকার। গত শুক্রবার রাজধানী নেপিদোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দেশটির সরকারের মুখপাত্র খাইং খাইং সো আইসিজের রায়কে ‘অন্যায্য’ বলে দাবি করেন। তিনি বলেন, আদালতের সিদ্ধান্ত সর্বসম্মত ছিল না এবং মিয়ানমারকে অন্যায়ভাবে অভিযুক্ত করা হয়েছে।
যদিও আইসিজের রায়ে রোহিঙ্গাদের ওপর সংঘটিত অপরাধের দায় নির্ধারণের পাশাপাশি তাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিষয়টিও গুরুত্ব পেয়েছে। আদালত মিয়ানমারের ওপর ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দেওয়ার বাধ্যবাধকতা আরোপ করেছেন।

মিয়ানমার সরকারের রায় প্রত্যাখ্যানের অবস্থান তাই রোহিঙ্গা প্রত্যাবাসনের পথকে আরও জটিল করে তুলেছে। এর পাশাপাশি রাখাইনের বর্তমান পরিস্থিতিও প্রত্যাবাসনের ক্ষেত্রে বড় বাধা। রোহিঙ্গাদের বিতাড়িত বসতিগুলো এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণে। তারাও রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিপক্ষে। ফলে মিয়ানমারের কেন্দ্রীয় সরকারের পাশাপাশি রাখাইনের নিয়ন্ত্রণকারী শক্তির অবস্থানও প্রত্যাবাসনের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
এদিকে রোহিঙ্গা নেতাদের প্রত্যাশা, আইসিজের ঐতিহাসিক রায় কেবল আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা কিংবা আশ্বাসের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। বরং মিয়ানমারের ওপর কার্যকর চাপ সৃষ্টি করে রায় বাস্তবায়ন এবং নিজ দেশে ফেরার পথ তৈরি করা হবে। তবে মিয়ানমার সরকারের রায় প্রত্যাখ্যানের অবস্থান তাদের সেই প্রত্যাশার বাস্তবায়ন নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে।
আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস (এআরএসপিএইচ) এর সভাপতি ডা. মোহাম্মদ জুবায়ের বলেন, ‘রোহিঙ্গাদের দুর্ভোগ ও প্রত্যাবাসনের আকাঙ্ক্ষা সরাসরি শোনার জন্য আমরা ড. খলিলুর রহমানের প্রতি কৃতজ্ঞ। আমরা শরণার্থীশিবিরে অনির্দিষ্টকাল থাকতে চাই না। নিরাপত্তা, নাগরিকত্ব ও মৌলিক অধিকার নিশ্চিত করে নিজ দেশে ফিরতে চাই।’
রোহিঙ্গা তরুণ আয়াস কিং বলেন, ‘আমরা ন্যায়বিচারের অপেক্ষায় ছিলাম। আইসিজের রায় আমাদের জন্য আশার জায়গা তৈরি করেছে। কিন্তু শুধু রায় হলে হবে না, যারা আমাদের ওপর নির্যাতন করেছে, তাদের জবাবদিহির আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে। যাতে আমাদের মা-বাবা ও ভাই-বোনদের হত্যাকারীদের বিচার হয়।’
৪ নম্বর বর্ধিত রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আছিমা খাতুন বলেন, ‘আমরা নিজের দেশে ফিরে যেতে চাই। কিন্তু সেখানে আবারও নির্যাতনের শিকার হওয়ার ভয় রয়েছে। আমাদের ঘরবাড়ি, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত না করে ফেরত পাঠালে সেই প্রত্যাবাসন আমাদের জন্য নিরাপদ হবে না। আমরা চাই, মিয়ানমারে নাগরিকত্ব ও মর্যাদা নিয়ে নিশ্চিন্তে বসবাসের নিশ্চয়তা দেওয়া হোক।’
এনায়েত উল্লাহ বলেন, ‘আইসিজের রায় আমাদের মনে নতুন আশা তৈরি করেছে। কিন্তু মিয়ানমার সরকার যদি এই রায়ই প্রত্যাখ্যান করে, তাহলে আমরা কীভাবে বিশ্বাস করব যে তারা আমাদের ফিরিয়ে নেবে? অতীতেও অনেক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, কিন্তু প্রত্যাবাসন হয়নি। এবার আন্তর্জাতিক সম্প্রদায়কে শুধু আশ্বাস দিলে হবে না, মিয়ানমারের ওপর কার্যকর চাপ সৃষ্টি করতে হবে।’

ইউসিআরের সাবেক সভাপতি সৈয়দ উল্লাহ বলেন, ‘বাংলাদেশে আশ্রয় পেয়ে আমরা কৃতজ্ঞ। কিন্তু নিজের দেশ ছেড়ে কেউ অন্য দেশে থাকতে চায় না। মিয়ানমারে ফিরে যাওয়ার আগে আমাদের নিরাপত্তা, নাগরিকত্ব এবং স্বাধীনভাবে চলাফেরার অধিকার নিশ্চিত করতে হবে। আন্তর্জাতিক মহলের কাছে আমাদের প্রত্যাশা, অধিকার নিয়ে নিজ দেশে ফিরে যেতে তারা সহযোগিতা করবে।’
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘আইসিজের রায় রোহিঙ্গাদের ন্যায়বিচার ও প্রত্যাবাসনের দাবিকে আন্তর্জাতিকভাবে শক্তিশালী করতে পারে। রায়ে মিয়ানমারে তাদের ঐতিহাসিক বসবাসের বিষয়টি স্বীকৃতি পেয়ে বহিরাগত হিসেবে উপস্থাপনের দেশটির অবস্থান চ্যালেঞ্জের মুখে পড়বে। তবে রায়ের পরপরই প্রত্যাবাসন শুরুর সম্ভাবনা কম। বরং আন্তর্জাতিক সমর্থন বাড়ানো ও মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করা জরুরি।’
ড. খলিলুর রহমান বলেন, ‘রোহিঙ্গাদের নিজস্ব আবাসভূমি মিয়ানমারে প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক বিচার আদালতের চূড়ান্ত রায় বাস্তবায়নে দেশটিকে বাধ্যবাধকতা মেনে চলতে হবে। রায় বাস্তবায়ন না করলে মিয়ানমারকে এর পরিণতি ভোগ করতে হবে।’
তিনি বলেন, ‘মিয়ানমারকে অবশ্যই তার আন্তর্জাতিক দায়িত্ব পালন করতে হবে। অন্যথায় এর পরিণতি ভোগ করতে হবে। আন্তর্জাতিক বিচার আদালত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, রোহিঙ্গাদের নিজস্ব আবাসভূমি মিয়ানমারে প্রত্যাবর্তনের বিষয়টি নিশ্চিত করতে হবে। আদালতের এ সিদ্ধান্ত বাধ্যতামূলক। তাই রায় বাস্তবায়নে সংশ্লিষ্ট সব পক্ষকে একযোগে কাজ করতে হবে। আমরাও সে লক্ষ্যে কাজ করবো। এটি আন্তর্জাতিক আদালতের চূড়ান্ত রায়। এর বিরুদ্ধে আপিলের সুযোগ নেই।’
নিরাপদ প্রত্যাবাসন সম্ভব না হওয়া পর্যন্ত রোহিঙ্গা ক্যাম্পে মানবিক সহায়তা অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন ড. খলিলুর রহমান।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।