সাজেক সড়কে ইউপিডিএফ সন্ত্রাসীদের অবরোধের একমাস, স্থবির অর্থনীতি-জীবিকার চাকা

সাজেক সড়কে ইউপিডিএফ সন্ত্রাসীদের অবরোধের একমাস, স্থবির অর্থনীতি-জীবিকার চাকা

সাজেক সড়কে ইউপিডিএফ সন্ত্রাসীদের অবরোধের একমাস, স্থবির অর্থনীতি-জীবিকার চাকা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন পাহাড়ের আঞ্চলিক উপজাতিভিত্তিক সশস্ত্র গ্রুপ ইউপিডিএফ সন্ত্রাসীদের আধিপত্য, টানা সড়ক অবরোধ এবং নিষেধাজ্ঞায় দীর্ঘদিন ধরে পর্যটকশূন্য হয়ে পড়েছে দেশের অন্যতম আকর্ষনীয় পর্যটনকেন্দ্র রাঙামাটির সাজেক ভ্যালি। ভরা পর্যটন মৌসুমে এমন অচলাবস্থায় প্রতিদিন গড়ে দেড় কোটি টাকার আর্থিক ক্ষতির মুখে পড়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২২ অক্টোবর থেকে এক মাস ধরে চলা অবরোধ, পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা এবং যান চলাচলে সীমাবদ্ধতার কারণে ‘মেঘের রাজ্য’ খ্যাত সাজেকের স্বাভাবিক কার্যক্রম কার্যত অচল হয়ে পড়েছে। তালাবদ্ধ রয়েছে অধিকাংশ হোটেল-রিসোর্ট ও দোকানপাট; ফাঁকা পড়ে আছে পাহাড়ি সড়ক ও পর্যটন স্পটগুলো। মাঝখানে কৃষিপণ্য ও শিক্ষার্থীদের চলাচলে কিছুটা ছাড় দেওয়া হলেও পর্যটন কার্যক্রম এখনো পুরোপুরি বন্ধ।

সাজেকের অর্থনীতি অনেকাংশেই পর্যটননির্ভর। রিসোর্ট, কটেজ, রেস্তোরাঁ, চাঁদের গাড়ি, মাহেন্দ্র, পর্যটক পরিবহন ও স্থানীয় ক্ষুদ্র ব্যবসার সঙ্গে জড়িত কয়েক হাজার মানুষ এখন কর্মহীন। আয় বন্ধ থাকায় সংসার চালাতে হিমশিম খাচ্ছেন চালক ও শ্রমিকরা।

স্থানীয় ব্যবসায়ীদের তথ্য মতে সাজেকে রিসোর্ট আছে প্রায় ১৩৫টি। যেখানে রুম রয়েছে ২ শতাধিকের বেশি। ছুটির দিনগুলোতে প্রায় তিন হাজার পর্যটক সেখানে বেড়াতে যায়। এতে প্রতিটি রুম ভাড়া তিন হাজার টাকা করে ধরা হলে দৈনিক এক কোটি টাকার আর্থিক ক্ষতি। অপরদিকে, চাঁদের গাড়ি সহ বিভিন্ন যানবাহন হয়েছে প্রায় ৫ শাতাধিক। গাড়ি ভাড়া পড়ে ১২ হাজার থেকে ৬ হাজার টাকা পর্যন্ত। গড়ে গাড়ি ভাড়া প্রায় ৪০ লাখ টাকা। রেস্তোরাঁ ও স্থানীয় ক্ষুদ্র ব্যবসায় ক্ষতি আরও কয়েক লাখ টাকা টাকা। প্রতিদিন আনুমানিক ক্ষতি প্রায় ২ কোটি টাকা। সেই হিসেবে একমাসে আর্থিক ক্ষতি প্রায় ৬০ কোটি টাকা।

সাজেক এফএনএফ রেস্টুরেন্টের স্বত্বাধীকারী উজ্জ্বল দাশ বলেন, ‘সাজেক ১৩৫ টির বেশি রিসোর্ট রয়েছে, যেখানে ২ শতাধিকের বেশি রুম হয়েছে। যেখানে প্রতিদিন প্রায় হোটেল রেস্তোরা ও গাড়ি ভাড়াসহ প্রায় ২ কোটির টাকার ব্যবসা হতো। সাজেক বন্ধ থাকায় আর্থিক ক্ষতির মুখে সব খাত। তিনি আরও বলেন, ডিসেম্বর আসলে আঞ্চলিক দলগুলোকে চাদা দিতে হয়। এখনো ব্যবসা করতে পারি নি, সঠিক সময় চাদা না দিলে নতুন নতুন সমস্যা তারা সৃষ্টি করে। ব্যবসা করতে এসে নানান চাপের মুখে আমরা।’

সাজেকের রুইলুই রিসোর্টের পরিচালক সুব্রত দে বলেন, সাজেকে প্রায় তিন হাজার পর্যটকের থাকা-খাওয়ার ব্যবস্থা রয়েছে। থাকা-খাওয়া ও যাতায়াত বাবদ জনপ্রতি পাঁচ হাজার টাকা হিসাব করলে প্রতিদিন গড়ে দেড় কোটি টাকার লেনদেন হতো, যা এখন পুরোপুরি বন্ধ। তিনি আরও বলেন, এখন কর্মচারীদের বেতন, ব্যাংক ঋণের টাকা পরিশোধে হিমশিম খেতে হচ্ছে। এভাবে চলতে থাকলে ব্যবসা চালানো কঠিন হয়ে যাবে।

সাজেকের পর্যটন উদ্যোক্তা মো. শাহীন রেজা বলেন, ‘সাজেকে আমার তিনটি রিসোর্টে ১২ জন কর্মচারী কাজ করেন। গত মাস পর্যন্ত বেতন দিতে পারলেও চলতি মাসে এখনো দিতে পারিনি। ব্যাংক ঋণের মাসিক ৬০ হাজার টাকার কিস্তিও এ মাসে বকেয়া পড়েছে। কীভাবে খরচ সামলাবো, সেই চিন্তায় আছি। অবরোধ প্রত্যাহারে এখনো আশানুরূপ কোনো অগ্রগতি দেখছি না। ’

এদিকে, দীর্ঘ এক মাস ধরে সাজেক সড়কে অবরোধ চলায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন দুর্গম পাহাড়ি জনপদের সাধারণ বাসিন্দারা। পর্যটন ব্যবসার ক্ষতির পাশাপাশি তাঁদের দৈনন্দিন জীবনযাত্রা, চিকিৎসাসেবা, খাদ্য সরবরাহ ও জীবিকা কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় গুরুতর অসুস্থ রোগীদের দ্রুত হাসপাতালে নেওয়া কঠিন হয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, সময়মতো উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে না পারায় এক প্রসূতি মায়ের মৃত্যু হয়েছে, যা অবরোধের কারণে সৃষ্ট মানবিক সংকটকে আরও স্পষ্ট করেছে। অন্যদিকে, পাহাড়ের জুম ও বাগানে উৎপাদিত কলা, আনারস, পেঁপে, আদাসহ বিভিন্ন কৃষিপণ্য বাজারে পৌঁছাতে না পারায় স্থানীয় ক্ষুদ্র কৃষক ও ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। পণ্য পরিবহনের পথ বন্ধ থাকায় অনেকের উৎপাদিত ফসল নষ্ট হচ্ছে, আবার কোথাও ন্যায্য দাম না পেয়ে জমিতের ফসল নষ্ট হতে দেখছেন তাঁরা। বিশেষ করে যেসব পরিবার কৃষিপণ্য বিক্রির আয়ের ওপর নির্ভরশীল, তাদের সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। স্থানীয়দের ভাষ্য, পর্যটনকেন্দ্র বন্ধ থাকা বা ব্যবসায়িক ক্ষতির পাশাপাশি বড় সংকট এখন সাধারণ মানুষের চিকিৎসা, খাদ্য ও জীবিকার নিরাপত্তা। দীর্ঘস্থায়ী এই অচলাবস্থায় পাহাড়ি জনপদের মানুষ কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছেন।

আন্দোলনকারীদের আড়ালে থাকা ইউপিডিএফের দাবি, সাজেক থেকে জেএসএসকে সরিয়ে দেওয়াসহ পাঁচ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবরোধ চলবে। সংকট নিরসনে প্রশাসনের পক্ষ থেকে উচ্চপর্যায়ের বৈঠকের পাশাপাশি হেডম্যানদের নিয়ে তিন সদস্যের একটি প্রতিনিধি দল গঠন করা হয়েছে। তবে স্থানীয় নেতৃত্ব ও আন্দোলনকারীদের সঙ্গে যোগাযোগ অব্যাহত থাকলেও এখন পর্যন্ত কার্যকর কোনো সমাধান আসেনি।

সাজেক পর্যটন সড়ক অবরোধ ডাকা সাজেক গণ অধিকার রক্ষা কমিটির কথিত আহ্বায়ক ও ইউপিডিএফ সন্ত্রাসী বাবুধন চাকমা, জেএসএস এর কারনে এই সংকট ও সমস্যা সৃষ্টি হয়েছে দাবি করে তাদের সরিয়ে নিলেই সমস্যার সমাধান হবে বলে জানালেও ইউপিডিএফ সন্ত্রাসীদের আধিথপত্য নিয়ে কিছুই বলেন নি।

সাজেক রিসোর্ট মালিক সমিতির সভাপতি সুপর্ন দেব বর্মন বলেন, সাজেক বন্ধ যত দীর্ঘ হচ্ছে ব্যবসায়ীদের আর্থিক ক্ষতির চাপ ততই বাড়ছে। যত দ্রুত সমস্যার সমাধান হবে, তত দ্রুতই স্থানীয়দের অর্থনীতির চাকা সচল হবে। সরকারের কাছে জোর দাবি, যাতে সাজেক পর্যটন কেন্দ্র খুলে দেওয়া হয়।

রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, সাজেকে পর্যটক প্রবেশে বাধার প্রধান কারণ নিরাপত্তা। অবরোধের কারণে সেখানে নিরাপত্তা সংকট তৈরি হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হওয়া এবং নিরাপত্তা নিশ্চিত হওয়ার খবর পেলেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে।

রাঙামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ান বলেন, ‘আমরা বেশ কিছু বিষয়ে একমত হয়েছিলাম। তাদের ক্ষতি পূরন দেওয়া হবে। পরে তারা যোগাযোগ করার ছিলো, তারা আর যোগাযোগ রাখে নি। আমরাও চাই এই সমস্যার দ্রুত সমাধান করতে। তাদের আগ্রহ তো দেখছি না।’

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও খাগড়াছড়ির সংসদ সদস্য ওয়াদুদ ভুইয়া এমপি বলেন, ‘সাজেকে গাড়ি চলছে, আগে যেভাবে চলতো তার চেয়ে কম। অবরোধের ডাক দিলেও এখন সাধারন মানুষ মানছে কম। তবে পর্যটন বন্ধ আছে, সেটা দ্রুত চালুর বিষয়ে আলোচনা চলমান। আশা করছি দ্রুতই সমাধান হয়ে যাবে।’

গণমাধ্যমের তথ্য বলছে, ইতিমধ্যে সাজেক কার্বারী এসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা এক বিবৃতিতে তাদের সংগঠন আহুত অবরোধ প্রত্যাহারের পাশাপাশি সংগঠনটি বিলুপ্ত ঘোষনা করেছেন। এসময় তিনি সাজেক গণ অধিকার রক্ষা কমিটিকে নামস্বর্বস্ব ও ইউপিডিএফের ছায়া সংগঠন দাবী করে সাজেকে অস্থিরতার জন্য ইউপিডিএফ সন্ত্রাসীদের দায়ী করেন।

উল্লেখ্য, সাজেকে বর্তমানে পর্যটনকেন্দ্রিক অবকাঠামো, রিসোর্ট, দোকানপাট, যানবাহন ও অন্যান্য খাতে প্রায় ৫০০ কোটি টাকার বিনিয়োগ রয়েছে বলে সংশ্লিষ্টদের দেওয়া তথ্যে জানা গেছে। এর মধ্যে অনুমোদিত প্রায় ১২০টি রিসোর্টের পাঁচটি জমিসহ বাঙ্গালি মালিকানাধীন এবং বাকি প্রায় ১১৫টি স্থানীয় পাহাড়িদের জমিতে গড়ে উঠেছে। এসব রিসোর্টের মধ্যে প্রায় ৮০টি বিভিন্ন মেয়াদে বাইরের উদ্যোক্তাদের কাছে লিজ দেওয়া হয়েছে, যাঁদের অনেকে খাগড়াছড়ি, রাঙামাটি, চট্টগ্রাম ও ঢাকার বাসিন্দা ও ব্যবসায়ী। অন্যদিকে, প্রায় ৩০ থেকে ৩২টি রিসোর্ট স্থানীয় পাহাড়িদের মালিকানা ও নিয়ন্ত্রণে রয়েছে। পাশাপাশি মুদি দোকান, খাবার হোটেল ও ডিপার্টমেন্টাল স্টোরসহ ৩০ থেকে ৩৫টি দোকানের অধিকাংশই স্থানীয় পাহাড়ি ব্যবসায়ীদের পরিচালনায় রয়েছে। ফলে সাজেকের পর্যটন খাতে গড়ে ওঠা এই বিপুল বিনিয়োগের সঙ্গে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর জীবিকা ও বৃহত্তর আঞ্চলিক অর্থনীতিও গভীরভাবে জড়িয়ে আছে। দীর্ঘদিন এভাবে অবরোধ ও পর্যটন কার্যক্রম বন্ধ থাকলে শুধু বর্তমান বিনিয়োগই ঝুঁকির মুখে পড়বে না, ক্ষতিগ্রস্ত হবে স্থানীয় উদ্যোক্তা, জমির মালিক, ক্ষুদ্র ব্যবসায়ী, পরিবহনশ্রমিকসহ পর্যটননির্ভর অসংখ্য মানুষের আয়-রোজগার। সবচেয়ে বড় আশঙ্কা, দীর্ঘস্থায়ী অনিশ্চয়তা ও বিনিয়োগের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হলে ভবিষ্যতে সাজেক কিংবা পার্বত্য চট্টগ্রামের অন্যান্য সম্ভাবনাময় এলাকায় নতুন করে বিনিয়োগ করতে উদ্যোক্তারা নিরুৎসাহিত হতে পারেন। এতে পর্যটন অবকাঠামোর সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি, স্থানীয় পণ্যের বাজারজাতকরণ এবং পাহাড়ের সামগ্রিক আর্থসামাজিক উন্নয়নের গতিও দীর্ঘমেয়াদে বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed