কাপ্তাইয়ের সাক্রাছড়িতে নির্মিত হচ্ছে সৌরশক্তিচালিত কোল্ড স্টোরেজ, কৃষিপণ্যের অপচয় রোধের আশা

কাপ্তাইয়ের সাক্রাছড়িতে নির্মিত হচ্ছে সৌরশক্তিচালিত কোল্ড স্টোরেজ, কৃষিপণ্যের অপচয় রোধের আশা

কাপ্তাইয়ের সাক্রাছড়িতে নির্মিত হচ্ছে সৌরশক্তিচালিত কোল্ড স্টোরেজ, কৃষিপণ্যের অপচয় রোধের আশা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের সাক্রাছড়ি এলাকায় সৌরশক্তিচালিত আধুনিক কোল্ড স্টোরেজ (হিমাগার) নির্মাণের উদ্যোগ নিয়েছে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ। স্থানীয় কৃষকদের উৎপাদিত ফলমূল, শাকসবজি ও অন্যান্য পচনশীল কৃষিপণ্য সংরক্ষণ, অপচয় রোধ এবং উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এ প্রকল্প বাস্তবায়নে রোববার (২২ নভেম্বর) রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও ঠিকাদারি প্রতিষ্ঠানের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের দপ্তরে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু এবং ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স শাইং শাইং ইউ কনস্ট্রাকশনের প্রতিনিধি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) বাস্তবায়নাধীন ‘প্রোগ্রেস’ (ProGRESS) প্রকল্পের আওতায় ‘সোলার-বেজড কুলবট স্টোরেজ ইনস্টলেশন ইন রাঙামাটি’ উদ্যোগের অংশ হিসেবে সাক্রাছড়িতে এ হিমাগার নির্মাণ করা হচ্ছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য শাশ্বত চাকমা ও সুবিমল চাকমা, পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. ইয়াছিন, প্রকল্প ফোকাল অরুনেন্দু ত্রিপুরা, প্রকল্প সমন্বয়কারীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, দুর্গম পাহাড়ি এলাকায় কৃষিপণ্য উৎপাদনের পর পর্যাপ্ত সংরক্ষণ সুবিধার অভাবে অনেক সময় কৃষকদের পণ্য দ্রুত বাজারজাত করতে হয়। বিশেষ করে মৌসুমি ফলমূল ও শাকসবজি দীর্ঘ সময় সংরক্ষণ করতে না পারায় কৃষকরা অনেক ক্ষেত্রে কাঙ্ক্ষিত দাম থেকে বঞ্চিত হন। সাক্রাছড়িতে সৌরশক্তিচালিত আধুনিক হিমাগার চালু হলে স্থানীয় কৃষক ও গ্রামবাসীরা তাঁদের উৎপাদিত পচনশীল কৃষিপণ্য সংরক্ষণের সুযোগ পাবেন। এতে পণ্যের অপচয় কমবে, পাশাপাশি বাজারদর অনুকূলে থাকলে কৃষক ও ব্যবসায়ীরা সুবিধাজনক সময়ে পণ্য বিক্রি করে ন্যায্যমূল্য পাওয়ার সুযোগ তৈরি হবে।

এ উদ্যোগ স্থানীয় কৃষি উৎপাদন ও বিপণন ব্যবস্থায় নতুন সম্ভাবনা তৈরি করবে বলেও আশা করছেন সংশ্লিষ্টরা। কৃষিপণ্য সংরক্ষণের সুবিধা বাড়লে স্থানীয় নারী উদ্যোক্তা এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) বিকাশের সুযোগ তৈরি হতে পারে। একই সঙ্গে পাহাড়ি কৃষিপণ্যের বাণিজ্যিক সম্ভাবনা বৃদ্ধি, স্থানীয় কর্মসংস্থান ও কৃষিনির্ভর অর্থনীতিকে গতিশীল করতে সৌরশক্তিচালিত এ কোল্ড স্টোরেজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *