বন সংরক্ষণে দক্ষতা বাড়াতে কাপ্তাইয়ে ২৫ ফরেস্ট গার্ডের সপ্তাহব্যাপী প্রশিক্ষণ শুরু
![]()
জার্নাল প্রতিবেদক
বন ও বনসম্পদ সংরক্ষণে মাঠপর্যায়ের কর্মীদের পেশাগত দক্ষতা, সক্ষমতা ও দায়িত্ব পালনের কার্যকারিতা বাড়াতে রাঙামাটির কাপ্তাইয়ে ২৫ জন ফরেস্ট গার্ডের সপ্তাহব্যাপী বেসিক ফরেস্ট্রি প্রশিক্ষণ শুরু হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) সকাল ৯টায় কাপ্তাই বন উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে চতুর্থ ব্যাচের এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি সার্কেলের বন সংরক্ষক মোহাম্মদ আবদুল আউয়াল সরকার।

কাপ্তাই বন উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. সাজ্জাদুজ্জামান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাচিক শিল্পী নুর মোহাম্মদ বাবু। স্বাগত বক্তব্য দেন সদর রেঞ্জ কর্মকর্তা দীপন চাকমা।
সপ্তাহব্যাপী এ প্রশিক্ষণে বন বিভাগের ২৫ জন ফরেস্ট গার্ড অংশ নিচ্ছেন। প্রশিক্ষণ কর্মসূচিতে বন ব্যবস্থাপনা, বন সংরক্ষণ, বনজ সম্পদ সুরক্ষা, মাঠপর্যায়ে দায়িত্ব পালনের কৌশল এবং বন বিভাগের দৈনন্দিন কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় বিভিন্ন বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হবে।

বন বিভাগের মাঠপর্যায়ের কর্মীরা বনাঞ্চল রক্ষা, বনজ সম্পদের অবৈধ আহরণ ও বন উজাড় প্রতিরোধ এবং বন ব্যবস্থাপনা কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁদের পেশাগত জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে দায়িত্ব পালনে আরও কার্যকর ভূমিকা রাখার সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
প্রশিক্ষণের মাধ্যমে বন বিভাগের মাঠপর্যায়ের কর্মীদের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি বনজ সম্পদ সংরক্ষণ, অবৈধ বন উজাড় প্রতিরোধ এবং বন ব্যবস্থাপনা কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।