মাটিরাঙ্গায় শিক্ষার্থীদের নিরাপদ খাদ্য গ্রহণে সচেতনতামূলক কর্মসূচি
![]()
জার্নাল প্রতিবেদক
‘জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য’ প্রতিপাদ্যে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় শিক্ষার্থীদের নিরাপদ খাদ্য গ্রহণে সচেতনতা বাড়াতে আলোচনা ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে মাটিরাঙ্গার বনশ্রী বিদ্যা নিকেতনে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। শিক্ষার্থীদের নিরাপদ খাদ্য গ্রহণে উৎসাহিত করা, ভেজাল ও অস্বাস্থ্যকর খাবারের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করা এবং দৈনন্দিন খাদ্যাভ্যাসে স্বাস্থ্যকর আচরণ গড়ে তোলাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর ছিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আরিফুল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা পুলক কুমার সরকার। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন মাটিরাঙ্গা উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. মিজানুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে আরিফুল হাসান বলেন, নিরাপদ খাদ্য শুধু ক্ষুধা নিবারণের উপায় নয়, বরং মানুষের জীবন ও সুস্বাস্থ্যের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত। ভেজাল, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে প্রস্তুত খাবার, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য এবং মাত্রাতিরিক্ত রং ও প্রিজারভেটিভ মিশ্রিত খাবার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
শিক্ষার্থীদের নিরাপদ খাদ্যাভ্যাস গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বিদ্যালয়ের আশপাশে বিক্রি হওয়া খোলা ও অস্বাস্থ্যকর খাবার এড়িয়ে চলার পরামর্শ দেন। পাশাপাশি খাবার গ্রহণের আগে সাবান বা হ্যান্ডওয়াশ দিয়ে ভালোভাবে হাত ধোয়া, প্যাকেটজাত খাবার কেনার সময় মেয়াদোত্তীর্ণের তারিখ ও মোড়কের তথ্য যাচাই করা এবং বাড়িতে নিরাপদ খাবার তৈরিতে অভিভাবকদের সহযোগিতা করার বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি।
কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।