মাঝনদীতে ইঞ্জিন বিকল, কোস্ট গার্ডের অভিযানে ২৯ হিন্দু পুণ্যার্থী উদ্ধার
![]()
জার্নাল প্রতিবেদক
রাস পূর্ণিমা উপলক্ষে দুবলার চরের উদ্দেশে যাত্রাপথে মাঝনদীতে নৌকার ইঞ্জিন বিকল হয়ে বিপাকে পড়েন ২৯ পুণ্যার্থী। দীর্ঘ সময় নদীতে ভাসতে থাকা নৌকাটির যাত্রীদের জরুরি সহায়তার আবেদনে অভিযান চালিয়ে তাদের নিরাপদে উদ্ধার করেছে কোস্ট গার্ড।
সোমবার (২৩ নভেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য জানান।
কোস্ট গার্ড জানায়, গত ২১ নভেম্বর রাত ১১টার দিকে রাস পূর্ণিমা উপলক্ষে ডাংমারি ফরেস্ট অফিস থেকে প্রয়োজনীয় পাস সংগ্রহ করে দুবলার চরের উদ্দেশে রওনা হয় পুণ্যার্থীবাহী নৌকাটি। পরদিন ২২ নভেম্বর রাত ৮টার দিকে রূপের গাং-সংলগ্ন এলাকায় পৌঁছালে হঠাৎ নৌকাটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে মাঝনদীতে অচল হয়ে পড়ে বোটটি।
দীর্ঘ সময় নদীতে ভাসতে থাকায় যাত্রীরা চরম বিপাকে পড়েন।
পরে বোটে থাকা এক পুণ্যার্থী কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বরে ফোন করে সহায়তা চান। খবর পেয়ে কোস্ট গার্ড আউটপোস্ট দুবলার সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে লইট্টাখালী খাল এলাকা থেকে বিকল নৌকাসহ ২৯ পুণ্যার্থীকে নিরাপদে উদ্ধার করে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।