সিন্ধু প্রদেশকে বিভক্ত করার উদ্যোগ নিলে পাকিস্তানে বিক্ষোভের হুঁশিয়ারি

সিন্ধু প্রদেশকে বিভক্ত করার উদ্যোগ নিলে পাকিস্তানে বিক্ষোভের হুঁশিয়ারি

সিন্ধু প্রদেশকে বিভক্ত করার উদ্যোগ নিলে পাকিস্তানে বিক্ষোভের হুঁশিয়ারি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

পাকিস্তানের সিন্ধু প্রদেশকে বিভক্ত করা বা সেখানে নতুন প্রশাসনিক ইউনিট গঠনের উদ্যোগ নেওয়া হলে প্রদেশজুড়ে বিক্ষোভের হুঁশিয়ারি দিয়েছে জাতীয়তাবাদী দলগুলো। একই সঙ্গে এ বিষয়ে গণভোট আয়োজনের প্রস্তাবও প্রত্যাখ্যান করেছে তারা। তাদের দাবি, সিন্ধুর সীমানা বা প্রশাসনিক কাঠামো পরিবর্তনের যেকোনো সিদ্ধান্তে প্রদেশের মানুষের মতামতকে গুরুত্ব দিতে হবে।

রোববার (২২ নভেম্বর) করাচিতে ‘জিয়ে সিন্ধ রাহবার কমিটি’র আয়োজিত এক সমাবেশ থেকে এই হুঁশিয়ারি দেওয়া হয়। এতে জাতীয়তাবাদী নেতা, রাজনৈতিক কর্মী, আইনজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

পাকিস্তান টুডের প্রতিবেদন অনুযায়ী, ড্রিগ রোড থেকে শুরু হওয়া বিক্ষোভটি শহরের বিভিন্ন এলাকা ঘুরে মেট্রোপোলে গিয়ে শেষ হয়।

এ সময় বক্তারা সিন্ধুর বর্তমান সীমানা পরিবর্তনের বিরোধিতা করেন। বিক্ষোভে নেতৃত্ব দেন জাতীয়তাবাদী নেতা ড. নিয়াজ কালানি ও রিয়াজ চান্দিও। আইনজীবীদের পক্ষ থেকেও কয়েকজন প্রতিনিধি এতে অংশ নেন। কঠোর নিরাপত্তার মধ্যে সমাবেশটি অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, সিন্ধুর ভূখণ্ডগত অখণ্ডতার সঙ্গে কোনো আপস করা হবে না। প্রদেশটির ভৌগোলিক সীমানা বা প্রশাসনিক কাঠামো নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে জনগণের মতামত জানতে হবে। তাদের মতে, সিন্ধুর পরিচয় এর ইতিহাস, সংস্কৃতি ও সভ্যতার সঙ্গে জড়িত। তাই বিষয়টিকে শুধু প্রশাসনিক সুবিধার দৃষ্টিতে দেখা ঠিক নয়।

নতুন প্রদেশ বা প্রশাসনিক ইউনিট গঠনের বিষয়ে গণভোট আয়োজনের প্রস্তাবও প্রত্যাখ্যান করেন তারা। তাদের অভিযোগ, এ ধরনের গণভোটের মাধ্যমে আগে থেকে নেওয়া কোনো রাজনৈতিক সিদ্ধান্তকে বৈধতা দেওয়ার চেষ্টা হতে পারে।

বক্তারা কেন্দ্রীয় সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে এমন পদক্ষেপ না নেওয়ার আহ্বান জানান। তারা আরো বলেন, সিন্ধুকে বিভক্ত করার বিরোধিতা কোনো জাতিগত বা ভাষাগত জনগোষ্ঠীর বিরুদ্ধে নয়। উর্দুভাষী বাসিন্দাসহ বিভিন্ন জাতি, ধর্ম ও ভাষার মানুষের অবদান সিন্ধুর পরিচয়ের অংশ।

কিছু রাজনৈতিক দলের বিরুদ্ধে রাজনৈতিক স্বার্থে জাতিগত বিভেদ উসকে দেওয়ার অভিযোগও করেন জাতীয়তাবাদী নেতারা। এ সময় তারা শান্তি ও সহাবস্থান বজায় রাখতে সব সম্প্রদায়ের প্রতি সংযম দেখানোর আহ্বান জানান। শাহ আব্দুল লতিফ ভিট্টাইয়ের শিক্ষার কথা উল্লেখ করে বক্তারা পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতার গুরুত্ব তুলে ধরেন।

সমাবেশ থেকে সিন্ধুর স্বায়ত্তশাসন ও বর্তমান সীমানা রক্ষায় রাজনৈতিক, ধর্মীয় ও সামাজিক সংগঠনগুলোকে এক হওয়ার আহ্বান জানানো হয়। বক্তারা সতর্ক করেন, জনগণের সম্মতি ছাড়া কোনো প্রশাসনিক পরিবর্তন চাপিয়ে দেওয়া হলে সাংবিধানিক ও গণতান্ত্রিক উপায়ে প্রদেশজুড়ে বিক্ষোভের মাধ্যমে এর প্রতিবাদ করা হবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *