দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, সেবা পেলেন প্রায় এক হাজার রোগী
![]()
জার্নাল প্রতিবেদক
খাগড়াছড়ির দীঘিনালায় অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পেইনের আয়োজন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। দিনব্যাপী এ ক্যাম্পেইনে প্রায় এক হাজার রোগীকে চোখ পরীক্ষা, চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দীঘিনালা মিনি স্টেডিয়ামে সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের দীঘিনালা জোন ও চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালের যৌথ উদ্যোগে এ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
বিভিন্ন জাতিগোষ্ঠীর অসহায় ও দরিদ্র মানুষের পাশাপাশি দুর্গম এলাকার সুবিধাবঞ্চিত রোগীরা এ ক্যাম্পেইনে চিকিৎসাসেবা গ্রহণ করেন।
ক্যাম্পেইনে চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক এবং সেনাবাহিনীর মেডিকেল অফিসাররা রোগীদের চোখ পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা ও স্বাস্থ্যবিষয়ক পরামর্শ প্রদান করেন। পাহাড়ি অঞ্চলের অনেক মানুষ দূরত্ব, আর্থিক অসচ্ছলতা ও চিকিৎসাসেবা প্রাপ্তির সীমাবদ্ধতার কারণে নিয়মিত চক্ষু চিকিৎসা নিতে পারেন না। তাদের দোরগোড়ায় প্রয়োজনীয় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, ক্যাম্পেইনে ছানিপড়াসহ বিভিন্ন চক্ষু সমস্যায় আক্রান্ত রোগীদের প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। ছানিপড়া রোগীদের উন্নত চিকিৎসা ও অস্ত্রোপচারের জন্য চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালে নেওয়া হবে। সেখানে তাদের বিনামূল্যে অস্ত্রোপচারের পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হবে। এ ছাড়া যেসব রোগীর দৃষ্টিশক্তির সমস্যা সমাধানে চশমা প্রয়োজন, তাদের বিনামূল্যে চশমা প্রদান করা হবে।
দুর্গম পাহাড়ি জনপদে চিকিৎসাসেবার সীমাবদ্ধতা বিবেচনায় সেনাবাহিনীর এ উদ্যোগ স্থানীয় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে বিবেচিত হচ্ছে। এ ধরনের মানবিক কার্যক্রমের মাধ্যমে আর্থিক অসচ্ছল রোগীদের চিকিৎসার সুযোগ সৃষ্টি হওয়ার পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।