গুইমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
![]()
জার্নাল প্রতিবেদক
খাগড়াছড়ির গুইমারা উপজেলা সদরের গুইমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ২০২৬ সালের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অংহলাপ্রু মারমা সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিসকাতুল তামান্না।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাঙা মারমা ও গুইমারা সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বাবলু হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গুইমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুজন ঘরজা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জাফর আহমদ, বর্তমান প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, বাবলু হোসেন, রাঙা মারমা এবং প্রধান অতিথি ও অনুষ্ঠানের সভাপতি।
বক্তারা পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের দেশের ভবিষ্যৎ কর্ণধার উল্লেখ করে তাদের সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে দৃঢ় মনোবল, অধ্যবসায় ও নিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। শিক্ষার্থীদের আগামী দিনে আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠতে, জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা ও দায়িত্ববোধ বজায় রেখে নিজেদের লক্ষ্য অর্জনে চেষ্টা চালিয়ে যাওয়ার পরামর্শ দেন তারা।
বিদ্যালয়ের প্রাথমিক শিক্ষাজীবনের সমাপ্তিকে শিক্ষার্থীদের নতুন শিক্ষাযাত্রার সূচনা উল্লেখ করে বক্তারা তাদের ভবিষ্যৎ সাফল্য ও সুন্দর জীবন কামনা করেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।