নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে দীঘিনালায় ১৬ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন
![]()
জার্নাল প্রতিবেদক
নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধ, নারীর অধিকার প্রতিষ্ঠা এবং নারী-পুরুষের সমতা নিশ্চিত করার লক্ষ্যে খাগড়াছড়ির দীঘিনালায় ১৬ দিনব্যাপী সচেতনতামূলক কর্মসূচি শুরু হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সকালে উপজেলা সেমিনার কক্ষে এমপাওয়ারমেন্ট প্রকল্প ও তৃণমূল উন্নয়ন সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাদাত হোসেন।
উদ্বোধনী বক্তব্যে মো. শাহাদাত হোসেন বলেন, নারী ও কন্যাশিশুর প্রতি নির্যাতন ও সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই। নারীর অধিকার প্রতিষ্ঠা, ক্ষমতায়ন এবং নারী-পুরুষের সমতা নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূল উন্নয়ন সংস্থার ম্যানেজার শ্বশতী চাকমা এবং দীঘিনালা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. সোহেল রানা।
শ্বশতী চাকমা বলেন, নারীর প্রতি সহিংসতামুক্ত সমাজ গড়ে তুলতে পরিবার থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তরে সচেতনতা তৈরি করতে হবে। নারী ও পুরুষকে পরস্পরের প্রতিদ্বন্দ্বী হিসেবে নয়, বরং সমাজের সমান অংশীদার ও সহযোগী হিসেবে বিবেচনা করতে হবে।
তিনি আরও বলেন, নারীর শিক্ষা, মতামতের যথাযথ মূল্যায়ন এবং পারিবারিক ও সামাজিক সিদ্ধান্ত গ্রহণে সমান অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবকদের সচেতন হওয়ার পাশাপাশি মেয়েদের শিক্ষার সুযোগ সম্প্রসারণ করতে হবে।

নারীর প্রতি সহিংসতার কোনো ঘটনা ঘটলে নীরব না থেকে প্রতিবাদ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্যাতনের শিকার নারীর পাশে দাঁড়াতে হবে। তাঁকে দোষারোপ না করে প্রয়োজনীয় সহযোগিতা দিতে হবে এবং অন্যায়ের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিতে উৎসাহিত করতে হবে।
আয়োজকেরা জানান, নারী নির্যাতন প্রতিরোধ, নারীর অধিকার প্রতিষ্ঠা ও ক্ষমতায়ন এবং সমাজের সর্বস্তরে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ১৬ দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মাধ্যমে নারী ও কন্যাশিশুর নিরাপত্তা, মর্যাদা ও সমঅধিকার প্রতিষ্ঠায় সম্মিলিত সামাজিক উদ্যোগকে আরও জোরদার করার প্রত্যাশা করছেন তাঁরা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।