লক্ষ্মীছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে ৯৬ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ
![]()
জার্নাল প্রতিবেদক
খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার স্থানীয় ও দুর্গম পাহাড়ি এলাকার অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা প্রাপ্তি সহজ করতে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি জোন।
বুধবার (২৫ নভেম্বর) লক্ষ্মীছড়ি বাজার এলাকায় জোনের উদ্যোগে আয়োজিত এ চিকিৎসা কার্যক্রমে স্থানীয় ও দুর্গম এলাকার মোট ৯৬ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়।

লক্ষ্মীছড়ি জোনের নির্দেশনায় পরিচালিত এ কার্যক্রমে জোনের মেডিকেল অফিসার (আরএমও) রোগীদের চিকিৎসা প্রদান করেন। পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ, স্বাস্থ্যসচেতনতা বিষয়ে দিকনির্দেশনা এবং বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।
দুর্গম পাহাড়ি অঞ্চলে যোগাযোগব্যবস্থার সীমাবদ্ধতা ও চিকিৎসাসেবা প্রাপ্তির নানা প্রতিবন্ধকতার কারণে অনেক স্থানীয় বাসিন্দার পক্ষে নিয়মিত চিকিৎসা গ্রহণ কঠিন হয়ে পড়ে। এমন বাস্তবতায় সেনাবাহিনীর এ উদ্যোগ স্থানীয় জনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি অসহায় মানুষের স্বাস্থ্যসেবা প্রাপ্তিতে সহায়ক ভূমিকা রাখছে।

এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগের মাধ্যমে পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর পাশাপাশি স্থানীয় জনগণের সঙ্গে সেনাবাহিনীর পারস্পরিক আস্থা, সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হচ্ছে।
পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন, মানবিক সহায়তা এবং জনকল্যাণে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের উদ্যোগ স্থানীয় জনগণের জন্য সহায়ক ভূমিকা রেখে চলেছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।