প্রজ্ঞানন্দ মহাথেরোর বিরুদ্ধে সম্পত্তি নিয়ন্ত্রণ ও অনিয়মের অভিযোগ, মিরপুরে বৌদ্ধ সম্প্রদায়ের মানববন্ধন
![]()
জার্নাল প্রতিবেদক
রাজধানীর মিরপুরে শাক্যমুনি বৌদ্ধ বিহার ও পার্বত্য বৌদ্ধ সংঘের সম্পত্তি ব্যবস্থাপনা নিয়ে বিরোধের জেরে মানববন্ধন করেছেন পার্বত্য চট্টগ্রামের বৌদ্ধ সম্প্রদায়ের একাংশ। শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১১টায় মিরপুর-১৩ নম্বরে শাক্যমুনি বৌদ্ধ বিহার প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়। এতে পার্বত্য বৌদ্ধ সংঘের সাবেক সভাপতি ভেন. প্রজ্ঞানন্দ মহাথেরোর বিরুদ্ধে সংঘের সম্পত্তি কুক্ষিগত করা, অনিয়ম এবং প্রাতিষ্ঠানিক স্বার্থবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ তোলেন বক্তারা।
মানববন্ধনে বক্তারা জানান, ১৯৭৬ সালে পার্বত্য বৌদ্ধ সংঘ প্রতিষ্ঠিত হয়। ঢাকায় বসবাসরত পাহাড়ি বৌদ্ধদের সংগঠিত করা এবং তাঁদের জন্য একটি স্বতন্ত্র বৌদ্ধ বিহার প্রতিষ্ঠা করা ছিল সংগঠনটির অন্যতম উদ্দেশ্য। এরই ধারাবাহিকতায় ১৯৮৩ সালে রাজধানীর মিরপুর-১৩ নম্বরে শাক্যমুনি বৌদ্ধ বিহার প্রতিষ্ঠিত হয়।
আয়োজকদের অভিযোগ, ১৯৮৬ সালে বিমলতিষ্য ভান্তে দেশত্যাগের পর থেকে প্রজ্ঞানন্দ মহাথেরো বিহার ও সংঘের সম্পত্তি নিজের নিয়ন্ত্রণে রাখেন। পরবর্তী সময়ে ১৯৯৮, ২০১২ ও ২০১৭ সালে পেশিশক্তি প্রয়োগ এবং একতরফা নির্বাচনের মাধ্যমে তিনি সংঘের নেতৃত্ব দখল করেন বলেও অভিযোগ করেন বক্তারা।
মানববন্ধনে আরও বলা হয়, ২০০৪ সালে বিহার কমপ্লেক্সের জায়গায় বনফুল গ্রীনহার্ট কলেজ প্রতিষ্ঠা করা হয়। পরে ২০১৭ সালে পার্বত্য বৌদ্ধ সংঘের সভাপতি থাকাকালে প্রজ্ঞানন্দ মহাথেরো ও তৎকালীন সাধারণ সম্পাদক প্রসেনজিৎ চাকমার মধ্যে কলেজ পরিচালনা-সংক্রান্ত ২৫ বছর মেয়াদি একটি চুক্তি সম্পাদিত হয়। আয়োজকদের দাবি, ওই চুক্তিতে মাসিক ভাড়া নির্ধারণ করা হয় এক লাখ টাকা। পাশাপাশি চুক্তির একটি ধারায় ভবন নির্মাণ করা হলে স্থাপনার ৫০ শতাংশ মালিকানা কলেজ কর্তৃপক্ষের হওয়ার শর্ত রাখা হয়েছে।
বক্তারা অভিযোগ করেন, সংঘের সম্পত্তি ব্যবহারের ক্ষেত্রে স্বচ্ছতা ও প্রাতিষ্ঠানিক স্বার্থ যথাযথভাবে রক্ষা করা হয়নি। দীর্ঘদিনেও বিহারের মূল ভবন নির্মাণে কার্যকর উদ্যোগ না নেওয়ায় তাঁরা ক্ষোভ প্রকাশ করেন। তাঁদের দাবি, সংঘের সম্পত্তি ব্যক্তিগত বা গোষ্ঠীগত স্বার্থে নয়, বরং সংগঠন ও বৌদ্ধ সম্প্রদায়ের বৃহত্তর কল্যাণে ব্যবহার করতে হবে।
মানববন্ধন থেকে পাঁচ দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—অবিলম্বে শাক্যমুনি বৌদ্ধ বিহারের মূল ভবন নির্মাণ, প্রজ্ঞানন্দ মহাথেরোর পরিবর্তে নতুন অধ্যক্ষ নিয়োগ, বিহার কমপ্লেক্স পার্বত্য বৌদ্ধ সংঘের স্বার্থে ব্যবহার, স্বচ্ছ ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন কমিটি গঠন এবং উত্থাপিত অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা।
শাক্যমুনি বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির আহ্বায়ক শৈলজ বিকাশ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-উপজাতীয় বিষয়ক সম্পাদক কর্নেল (অব.) মনীষ দেওয়ানসহ বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। এতে ঢাকার বিভিন্ন এলাকার কয়েকশ বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ অংশ নেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।