পার্বত্য চট্টগ্রামের সমস্যা রাজনৈতিকভাবেই সমাধান করতে হবে: রাষ্ট্রপতি

পার্বত্য চট্টগ্রামের সমস্যা রাজনৈতিকভাবেই সমাধান করতে হবে: রাষ্ট্রপতি

পার্বত্য চট্টগ্রামের সমস্যা রাজনৈতিকভাবেই সমাধান করতে হবে: রাষ্ট্রপতি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

পার্বত্য চট্টগ্রামের দীর্ঘদিনের সমস্যা রাজনৈতিক সংলাপ ও সমাধানের পথেই মোকাবিলা করতে হবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে পাহাড়ের বিদ্যমান সংকট, রোহিঙ্গা ইস্যু এবং বঙ্গোপসাগরের নীল অর্থনীতির সম্ভাবনা নিয়ে অনুসন্ধানী ও তথ্যনির্ভর প্রতিবেদন তৈরিতে প্রতিরক্ষা সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার (২৯ নভেম্বর) সকালে বঙ্গভবনে ডিফেন্স জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিজাব)-এর কার্যনির্বাহী কমিটির একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এসব কথা বলেন। সংগঠনটির সভাপতি আলমগীর হোসেনের নেতৃত্বে প্রতিনিধিদলটি তাঁর সঙ্গে সাক্ষাৎ করে।

সাক্ষাৎকালে পার্বত্য চট্টগ্রামের সমস্যা প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন, এ অঞ্চলের সংকট রাজনৈতিকভাবেই সমাধান করতে হবে। পাহাড়ের বাস্তব পরিস্থিতি, সমস্যা ও সম্ভাবনাগুলো যথাযথভাবে তুলে ধরতে সাংবাদিকদের অনুসন্ধানী ভূমিকার ওপর গুরুত্ব দেন তিনি। একই সঙ্গে পার্বত্য অঞ্চলের বিভিন্ন ইস্যুতে তথ্যভিত্তিক প্রতিবেদন প্রকাশের আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, সশস্ত্র বাহিনীসহ দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে প্রতিরক্ষা সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন। বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের সমস্যা, রোহিঙ্গা সংকট এবং বঙ্গোপসাগরের নীল অর্থনীতির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে গভীর অনুসন্ধান ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে জাতীয় স্বার্থসংশ্লিষ্ট তথ্য জনসমক্ষে তুলে ধরা যেতে পারে।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রবর্তিত বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শের প্রসঙ্গ তুলে ধরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এ আদর্শ পাহাড়ি ও সমতলের সব জনগোষ্ঠীর ভাষা, কৃষ্টি ও সংস্কৃতি অক্ষুণ্ন রাখার পাশাপাশি জাতি, ধর্ম, বর্ণ ও নৃতাত্ত্বিক পরিচয় নির্বিশেষে দেশের সব নাগরিককে ঐক্যবদ্ধ করতে সক্ষম হয়েছে। তাঁর মতে, বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শ একটি বাস্তববাদী দর্শন।

এ সময় দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে রাষ্ট্রপতি রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতার সমালোচনা করেন। তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ড দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এবং সাধারণ মানুষকে ক্ষতিগ্রস্ত করছে। পাশাপাশি বিনিয়োগ, কর্মসংস্থান, শিল্প-কারখানা ও সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত হচ্ছে।

সাক্ষাৎকালে ডিজাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম মাসুদ, অর্থ সম্পাদক কাজী মো. আফিফুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মো. সাইফ উদ্দিন বাবলুসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব ও প্রেস সচিবও উপস্থিত ছিলেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *