শোক শ্রদ্ধায় পিলখানায় নিহতদের স্মরণ, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা - Southeast Asia Journal

শোক শ্রদ্ধায় পিলখানায় নিহতদের স্মরণ, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

শোক আর শ্রদ্ধায় স্মরণ করা হচ্ছে ১২ বছর আগে পিলখানায় শহীদ হওয়া সেনা সদস্যদের। পিলখানায় বিডিআর বিদ্রোহে নিহতদের স্মরণে বৃহস্পতিবার সকালে বনানী কবরস্থানে শহীদদের স্মৃতিস্তম্ভে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে। শহীদদের কবরে রাষ্ট্রপতির পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রধানমন্ত্রীর পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমেদ ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

আরও শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, ভারপ্রাপ্ত নৌবাহিনী প্রধান রিয়ার এডমিরাল এম আবু আশরাফ, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত, বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলাম। পরে স্বরাষ্ট্রমন্ত্রী, তিন বাহিনীর প্রধান, বিজিবি মহাপরিচালক শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের সম্মানে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে পরিবারের পক্ষ থেকে স্বজনরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। দিবসটি স্মরণে বিজিবির সব স্থাপনায় পতাকা অর্ধনমিত রাখা হয়। বিজিবির সদস্যরা কালো ব্যাজ ধারন করেন।

২০০৯ সালের এই দিনে ঢাকার পিলখানায় বিডিআর (বর্তমানে বিজিবি) সদরদপ্তরে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ওই বছরের ২৫ ও ২৬ ফেব্রুয়ারির পিলখানা ট্র্যাজেডিতে প্রাণ হারান তৎতকালীন বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল শাকিল ৫৭ জন সেনাসদস্য। হত্যাকাণ্ডের ১২তম বার্ষিকী পালিত হচ্ছে আজ।

শুক্রবার বাদ জুমা পিলখানার বিজিবি কেন্দ্রীয় মসজিদ, বর্ডার গার্ড হাসপাতাল মসজিদসহ বিভিন্ন মসজিদে শহিদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিজিবির কেন্দ্রীয় মসজিদে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।