আরো ২৫ মৃত্যু, শনাক্ত ৩৬৩ - Southeast Asia Journal

আরো ২৫ মৃত্যু, শনাক্ত ৩৬৩

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ঈদের পর রোববার দেশে করোনাভাইরাসে ২৫ জনের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বিগত ২৪ ঘণ্টায় দেশে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে ৩৬৩ জনের। গতকাল ২৬১ আক্রান্তের পর আজ তা বেড়েছে। গতকাল কয়েক মাসের মধ্যে সবচেয়ে কম আক্রান্ত ছিলো। তবে ঈদের কারণে কমেছে নমুনা পরীক্ষাও।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ঈদের দুদিন আগে অর্থাৎ বুধবার যেখানে ১৩ হাজার ৪৭১টি নমুনা পরীক্ষা হয়েছিল, সেখানে ঈদের আগের দিন ২৪ ঘণ্টায় পরীক্ষা হয়েছে ৭ হাজার ৮৩৫টি নমুনা। আর ঈদের দিন নমুনা পরীক্ষা হয়েছে তিন হাজার ৭৫৮ জনের। ঈদের পরের দিন ৫ হাজার ৪৩০ নমুনা পরীক্ষা হয়েছে।

নমুনা পরীক্ষা কমায় শনিবার শনাক্তের হার ৬ দশমিক ৯৫ শতাংশ থাকলেও আজ তা হয়েছে ৬ দশমিক ৬৯ শতাংশ। এই হার কয়েক দিনের মধ্যে কম।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বুলেটিনে এ সব তথ্য জানানো হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী, কোনো দেশে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে কি না, তা বুঝতে পারার একটি নির্দেশক হলো রোগী শনাক্তের হার। কোনো দেশে টানা অন্তত দুই সপ্তাহের বেশি সময় পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৫ শতাংশের নিচে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে ধরা যায়।

নতুন শনাক্ত ৩৬৩ জনকে নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৮০ হাজার ১৬৯। আর নতুন করে ২৫ জনের মৃত্যু নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ১৪৯।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম নতুন করোনাভাইরাসের সংক্রমণ দেখা দেয়। পরে তা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা সংক্রমণ শনাক্ত হয়। তারপর ধীরে ধীরে বাড়তে থাকে সংক্রমণ। গত বছরের শেষ দিকে এসে সংক্রমণ কমতে থাকে।

করোনা সংক্রমণ ও এতে মৃত্যু বাড়তে থাকায় গত ৫ এপ্রিল থেকে দেশে মানুষের চলাচলে বিধি–নিষেধ আরোপ করা হয়, যা এখনো বহাল রয়েছে। এই বিধি-নিষেধে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। ধীরে ধীরে সংক্রমণ ও দৈনিক মৃত্যু কমেছে। তবে ঈদ সামনে রেখে শপিং মল ও দোকানে মানুষের ভিড় এবং ঘরমুখো মানুষের ঢল নতুন চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

You may have missed