বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের জেলা সম্মেলন অনুষ্ঠিত
![]()
নিউজ ডেস্ক
নানা আয়োজনের মধ্য দিয়ে পার্বত্য জেলা বান্দরবানে অনুষ্ঠিত হয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের জেলা সম্মেলন। গত বৃহস্পতিবার (১৭ মার্চ ২০২০) সকালে জেলা সদরের হোটেল রিভারভিউ সংলগ্ন মুসাফির পার্কে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এদিন অনুষ্ঠানের শুরুতেই জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনটির কেন্দ্রীয় নেতারা। এসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কেকে কাটা, দোয়া ও বিশেষ মোনাজাত ছাড়াও অনুষ্ঠিত হয় শিশু সমাবেশ। এরপর আলোচনা সভা, মধ্যাহ্ন ভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় সংগঠনটির জেলা সম্মেলন।
আয়োজিত আলোচনা সভায় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের জেলা কমিটির সহ-সভাপতি আব্দুস শুক্কুর এর সভাপতিত্বে এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির চেয়ারম্যান কাজী মোঃ মজিবুর রহমান।

এসময় অন্যান্যদের মধ্যে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় মনিটরিং কমিটির আহবায়ক অধ্যক্ষ আবু তাহের, অধ্যাপক আরিফ বিল্লাহ, মহাসচিব আলমগীর কবির, রাঙ্গামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ সোলায়মান, খাগড়াছড়ি জেলা কমিটির সাধারণ সম্পাদক লোকমান হোসেন, পার্বথ্য চট্টগ্রাম মহিলা পরিষদ নেত্রী এ্যাডভোকেট লাভলী আক্তার, সালমা আহম্মেদ মৌ, হাসিনা আক্তার, শিরিন আক্তার, মোর্শেদা বেগম, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি শাহাদাত ফরাজী সাকিব, ছাত্র বিষয়ক সম্পাদক মিজানুর রহমান আখন্দ ও ছাত্রনেতা ইখতিয়ার ইমন ছাড়াও কেন্দ্রীয় ও ৩ জেলার নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, সর্বক্ষেত্রে পার্বত্য এলাকার সকল নাগরিকের সাংবিধানিক অধিকার ও বৈষম্যহীন বন্টন নিশ্চিত করার লক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ সরকারের তৃতীয় চোখ হিসেবে কাজ করে যাচ্ছে। সম্প্রতি পার্বত্য এলাকা তথা বান্দরবানে পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসী কর্তৃক বেশ কয়েকটি অনাকাঙ্খিত ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বক্তারা আরও বলেন, ভবিষ্যতে সন্ত্রাসীদের বিরুদ্ধে সোচ্চার এবং সরকারের সকল কার্যক্রম সমূহ সু-শৃঙ্খলভাবে বাস্তবায়নে প্রশাসনের পাশাপাশি পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ প্রশংসনীয় ভূমিকা রাখবে।
পরে আলীকদম উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালামকে সভাপতি, মোঃ নাসির উদ্দীনকে সাধারণ সম্পাদক করে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বান্দরবান জেলা কমিটি এবং রাহিমা বেগমকে সভানেত্রী ও রেহেনা আক্তারকে সাধারণ সম্পাদক করে পার্বত্য চট্টগ্রাম মহিলা পরিষদ বান্দরবান জেলা কমিটি ঘোষনা করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এছাড়া, এদিন জেলার সকল উপজেলায় সংগঠনটির ছাত্র সংগঠন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কমিটিও ঘোষনা করা হয়।