কাপ্তাইয়ে সেনা ক্যাম্প স্থাপনের দাবিতে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি
![]()
নিউজ ডেস্ক
রাঙ্গামাটির চিৎমরম ইউনিয়নে সেনা ক্যাম্প স্থাপনের দাবিতে কাপ্তাই নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি দিয়েছে উপজেলা আওয়ামী লীগ। মঙ্গলবার (৮ নভেম্বর) বেলা ১২টায় কাপ্তাই নির্বাহী অফিসার মুনতাসির জাহানের হাতে স্মারকলিপি দেন উপজেলা আওয়ামী লীগের নেতারা।
এর আগে চিৎমরম ইউনিয়ন যুবলীগ সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবলীগ সদস্য হাবিবুর রহমানকে জেএসএস সশস্ত্র সন্ত্রাসী কতৃক মারধরের ঘটনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে কাপ্তাই উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সোমবার সন্ধা ৬ টায় কাপ্তাই উপজেলার ৩নং চিৎমরম জেলা পরিষদ রেস্ট হাউজ থেকে যুবলীগ নেতা হাবিবুর রহমানকে জেএসএস সশস্ত্র সন্ত্রাসীরা হত্যার উদ্দেশ্যে ধরে নিয়ে যায়। পরে তাকে বেদমপ্রহর করে বৌদ্ধবিহারের মাঠে মুমূর্ষ অবস্থায় ফেলে রেখে চলে যায়। দলের নেতাকর্মীরা আহত হাবিবুর রহমানকে রাতে উদ্ধার করে চিকিৎসার জন্য চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালে নেয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। রাতে এ সংবাদ শুনে আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকর্মীর মাঝে উত্তেজনা দেখা দেয় এবং সড়ক অবরোধ ও বিক্ষোভ সমাবেশ করে।
পরের দিন মঙ্গলবার কাপ্তাই উপজেলা আওয়ামী লীগ প্রতিবাদ সভা ও বিক্ষোভ সমাবেশ করে এবং বিক্ষোভ সমাবেশ শেষে চিৎমরমে জরুরী ভাবে সেনা ক্যাম্প স্থাপনের দাবি জানিয়ে নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।
এসময় কাপ্তাই উপজেলা আওয়ামী লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী, রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মফিজুল হক, শ্রম বিষয়ক সম্পাদক মো. হানিফ, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি থোয়াইচিং মং মারমা, সহ সভাপতি আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, সহ-সভাপতি প্রকৌশলী আব্দুল লতিফ, কাজী মাকসুদুর রহমান বাবুল, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুল ওহাব, সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন মিলন, কাপ্তাই উপজেলা যুবলীগ সভাপতি মো. নাছির উদ্দীন, আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সমাবেশে কাপ্তাই উপজেলা আওয়ামীলীগ সভাপতি অংসুই ছাইন চৌধুরী বলেন, চিৎমরমে জেএসএস এর সশস্ত্র সন্ত্রাসীরা আওয়ামীলীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের হুমকি ধামকি দিচ্ছে এবং ইতিমধ্যে তারা অনেক নেতাকর্মীকে নির্মমভাবে হত্যা করেছে এবং অনেক নেতাকর্মীকে হত্যার উদ্দেশ্যে মারধর করছে। এঘটনায় এলাকাজুড়ে অনেক আতংক বিরাজ করছে। তাই দ্রুত সময়ে চিৎমরম ইউনিয়নে স্থায়ী সেনাক্যাম্প স্থাপনের জন্য জোর দাবী জানান তিনি।