খাগড়াছড়ির দীঘিনালায় দুস্থ রোগীদের মাঝে সেনাবাহিনীর চিকিৎসা সেবা প্রদান - Southeast Asia Journal

খাগড়াছড়ির দীঘিনালায় দুস্থ রোগীদের মাঝে সেনাবাহিনীর চিকিৎসা সেবা প্রদান

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালায় দুই শতাধিক পাহাড়ি-বাঙালি রোগীকে চিকিৎসা সেবা ও ওষুধপত্র দিয়েছে সেনাবাহিনী। গতকাল শনিবার (১২ নভেম্বর) উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ে মেডিক্যাল ক্যাম্পেইন করে এ সহায়তা প্রদান করা হয়।

উপজেলার বোয়ালখালী ইউনিয়নের জামতলী এলাকায় মানিকছড়ি হেডম্যানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেডিক্যাল ক্যাম্পেইনে ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের গরিব ও দুস্থ রোগীদের চিকিৎসাসেবা ও বিনা মূল্যে ওষুধ দেওয়া হয়েছে।

ফরমেশন এডহক রিক্রুট ট্রেনিং সেন্টারের তত্ত্বাবধানে দীঘিনালা জোনের সহযোগিতায় এ মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা করা হয়।

সেবাগ্রহীতা মৃনাল কান্তি চাকমা (৬০) জানান, দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছেন। টাকার অভাবে চিকিৎসা করাতে পারছিলেন না। চিকিৎসাসেবা ও বিনা মূল্যে ওষুধ পেয়ে অনেক খুশি হয়েছেন। একই রকম অনুভূতি জানান চর্মরোগে আক্রান্ত মঙ্গলমনি ত্রিপুরা (৫২)।

ক্যাম্পেইনে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন ফরমেশন এডহক রিক্রুট ট্রেনিং সেন্টারের প্রধান প্রশিক্ষক লে. কর্নেল এহসানুল হক ভূঁইয়া এবং দীঘিনালা জোন অধিনায়ক লে. কর্নেল রুমন পারভেজ।

এ ছাড়াও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অফিসার ইনচার্জ মেজর মো. তুহিন রহমান। চিকিৎসা সেবা প্রদান করেন মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন এম এম মেহেদী হাসান।