রোহিঙ্গাদের জন্য বছরে সরকারের ব্যয় ১৭ হাজার কোটি টাকা - Southeast Asia Journal

রোহিঙ্গাদের জন্য বছরে সরকারের ব্যয় ১৭ হাজার কোটি টাকা

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ কমছে; কমছে আর্থিক সহায়তাও। ফলে রোহিঙ্গাদের পেছনে সরকারের নিজস্ব তহবিল থেকে বিপুল পরিমাণ অর্থ খরচ করতে হচ্ছে। গত এক বছরে সরকারের খরচ হয়েছে ১৬৯ কোটি ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭ হাজার ৫৭৬ কোটি টাকা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জিজ্ঞাসার জবাবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সরকারের খরচের এই তথ্য জানিয়েছে বলে একটি সূত্র নিশ্চিত করেছে।

কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত পুলিশ, সামরিক-বেসামরিক কর্মকর্তা-কর্মচারীদের বেতনভাতা, রোহিঙ্গাদের স্বাস্থ্য, শিক্ষা ও অন্যান্য খাতে সরকারের এই অর্থ খরচ হয়েছে।

গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে রোহিঙ্গা সংকট নিয়ে উচ্চ পর্যায়ের এক বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, অস্থায়ীভাবে প্রায় এক লাখ রোহিঙ্গাকে স্থানান্তরের জন্য নিজস্ব ৩৫ কোটি ডলার ব্যয়ে ভাসানচরকে বাসযোগ্য করে তোলা হয়েছে। এখন পর্যন্ত প্রায় ৩১ হাজার রোহিঙ্গাকে সেখানে স্থানান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, বাংলাদেশে রোহিঙ্গাদের দীর্ঘস্থায়ী অবস্থান আমাদের উন্নয়ন আকাক্সক্ষার জন্য বিরাট চ্যালেঞ্জ তৈরি করেছে। ১২ লাখ রোহিঙ্গাকে আতিথেয়তার প্রভাব বিভিন্ন ক্ষেত্রে ছড়িয়ে পড়েছে। রোহিঙ্গাদের জন্য আমাদের প্রতিবছর প্রায় ১২২ কোটি ডলার ব্যয় করতে হচ্ছে।

এদিকে পর্যাপ্ত অর্থ না আসায় কিছু বেসরকারি সংস্থা বিভিন্ন ধরনের কর্মসূচি কমিয়ে আনতে শুরু করেছে। জয়েন্ট রেসপন্স প্লান বা জেআরপির হিসাবে ২০২২ সালে জাতিসংঘ শরণার্থী সংস্থা বা ইউএনএইচসিআর প্রায় ৮৮ কোটি ডলার সহায়তা চাইলেও এসেছে ৬২ শতাংশ। এর আগের বছর আসে ৭০ শতাংশ। ২০১৯ সালে ৯২ কোটি ডলার চেয়ে পাওয়া গিয়েছিল ৬৯ কোটি ডলার। ২০২০ সালে ১০৫ কোটি ডলার চেয়ে পাওয়া গেছে ৬৮ কোটি ডলার। আর ২০২১ সালে ৯৪ কোটি ডলার চেয়ে পাওয়া গেছে ৬৭ কোটি ডলার।