বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সেনাবাহিনীর, দুস্থদের দেয়া হলো মানবিক সহায়তা
![]()
নিউজ ডেস্ক
মহান স্বাধীনতার মাসে খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারায় শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের শপথে বলিয়ান সেনাবাহিনীর ২৪ আর্টিলারি ব্রিগেড ও গুইমারা রিজিয়নের পক্ষ হতে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের দেয়া হলো সংবর্ধনা।
পাশাপাশি রিজিয়ন আওতাধীন এলাকাসমূহের অসহায়, হতদরিদ্র ও দুস্থদের মাঝে মানবিক সহায়তার অংশ হিসেবে দেয়া হয়েছে বিনামূল্যে বীজ ও ফলজ গাছের চারা, শিক্ষার্থীদের বই, পানির ফিল্টার, সৌর বিদ্যুৎ, সেলাই মেশিন, ঢেউটিন, হুইল চেয়ার ও চিকিৎসার জন্য আর্থিক সহায়তা।

এছাড়া, চিকিৎসা সেবা বঞ্চিত জনগোষ্ঠীর মাঝে দেয়া হয় গাইনী, ডেন্টাল ও মেডিসিন সংক্রান্ত চিকিৎসা সেবা।
বুধবার (১৫ মার্চ) সকালে জেলার গুইমারা উপজেলার গুইমারা কলেজিয়েট স্কুল মাঠে এসব সংবর্ধনা ও মানবিক সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৪ আর্টিলারি ব্রিগেড ও গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ কামাল মামুন।
জানা যায়, গুইমারা রিজিয়ন অত্র অঞ্চলের মোট ৩৭ জন বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা এবং আর্থিক সহায়তা প্রদান করে।

সূত্র জানায়, মুক্তিযোদ্ধাদের সংবর্ধান পাশাপাশি এদিন দুই হাজার পরিবারের মাঝে বিনামূল্যে বীজ ও ফলজ গাছের চারা, রিজিয়ন আওতাধীন এলাকার আটটি কলেজের ১৬৫ জন পাহাড়ী-বাঙ্গালী ছাত্র-ছাত্রীর মাঝে বই বিতরণ, বিশুদ্ধ পানির সংকট নিরসনের লক্ষে দেড়শ পরিবারের মাঝে পানির ফিল্টার, বিদ্যুৎ বিহীন বিশটি পরিবারের মাঝে সোলার প্যানেল, বেকারত্ব দূরীকরণে স্বনির্ভরতার সুযোগ ও সুবিধা বঞ্চিত বিশটি পরিবারের মাঝে সেলাই মেশিন, দুঃস্থ ও অসহায় পরিবার বিশটি পরিবারের মাঝে বিশ বান্ডেল ঢেউটিন, একজন পঙ্গু ব্যক্তিকে হুইল চেয়ার এবং উনিশ ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য সেনাবাহিনীর পক্ষ হতে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এছাড়া, বারো’শ অসুস্থ ব্যক্তিকে গাইনী, ডেন্টাল ও মেডিসিন সংক্রান্ত চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে এদিন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল মোঃ কামাল মামুন বলেন, পাহাড়ে স্থিতিশীলতা ও শান্তি-শৃংঙ্খলা বজায় রাখার লক্ষ্যেও গুইমারা রিজিয়ন নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে। এ ধারা অব্যাহত থাকবে। এ ব্যাপারে সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য।
এসময় অন্যান্যদের মধ্যে লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক লে. কর্নেল এ.এইচ.এম জুবায়ের, সিন্দুকছড়ি জোন অধিনায়ক লে. কর্নেল সৈয়দ পারভেজ মোস্তফা, মাটিরাঙ্গা জোন অধিনায়ক মো. কামরুল হাসান, গুইমারা উপজেলা চেয়ারম্যান মেমং মারমাসহ পদস্থ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, খাগড়াছড়ির গুইমারায় স্থিতিশীলতা এবং শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখার লক্ষ্যে সেনাবাহিনীর গুইমারা রিজিয়ন নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যানমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে।