কক্সবাজারের উখিয়ায় ক্যাম্পে আরসার গুলিতে রোহিঙ্গা নেতা নিহত
![]()
নিউজ ডেস্ক
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আরসা সন্ত্রাসীর গুলিতে রওশন আলী নামে এক রোহিঙ্গা নেতা (সাব মাঝি) নিহত হয়েছেন।
গতকাল ১৫ এপ্রিল শনিবার সন্ধ্যায় উখিয়ার বালুখালী ১৩ নম্বর ক্যাম্পের ই-২ ব্লকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ৮-এর সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. ফারুক আহমেদ।
নিহত রওশন আলী ওই ক্যাম্পের জালাল আহমেদের ছেলে এবং ওই ব্লকের সাব মাঝি তথা উপনেতা।
সহকারী পুলিশ সুপার মো. ফারুক আহমেদ জানান, মাঝি বিকেলে তার ক্যাম্পে নিত্যদিনের কাজে বাজারে অবস্থান করছিলেন। এ সময় ৬-৭ জন রোহিঙ্গা সন্ত্রাসী তাকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি করে। হামলাকারীরা পালিয়ে যাওয়ার সময় তার পেটে ছুরিকাঘাত করে। খবর পেয়ে রোহিঙ্গাদের সহযোগিতায় তাকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান। মরদেহ উখিয়া থানা পুলিশকে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কক্সবাজার জেলা পুলিশের তথ্য বলছে, ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত রোহিঙ্গা ক্যাম্পে ১২৯টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এরসঙ্গে জানুয়ারি থেকে ২ এপ্রিল পর্যন্ত ২২টি হত্যাকাণ্ড হয়েছে। এ ছাড়া এপিবিএনের সঙ্গে গোলাগুলিতে নিহত হয়েছেন আরসার ২ নেতা।