রোহিঙ্গা ক্যাম্পে আরসা’র ৪ সদস্য গ্রেফতার - Southeast Asia Journal

রোহিঙ্গা ক্যাম্পে আরসা’র ৪ সদস্য গ্রেফতার

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারে উখিয়ার আশ্রয়শিবির থেকে বিভিন্ন মামলার পলাতক আসামি মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) চার সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব।

সোমবার (১৭ এপ্রিল) দিনগত রাত সাড়ে ৩টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ১৩ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরে এ অভিযান চালানো হয়।

র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী এসব তথ্য জানান।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, উখিয়ার কুতুপালং ৭ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের এফ-ব্লকের নূর মোহাম্মদের ছেলে আনোয়ার শাহ (২৯), ক্যাম্পটির সি-ব্লকের সবু আলমের ছেলে মো. একরাম (২৬), সি-৮ ব্লকের মৃত মোহাম্মদ শাহের ছেলে মো. শাহেদ (২০) এবং সি-৩ ব্লকের মৃত আব্দুল করিমের ছেলে সাব্বির আহমেদ (২৭)।

আবু সালাম বলেন, মঙ্গলবার ভোর রাতে উখিয়ার বালুখালী ১৩ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরে কতিপয় দুষ্কৃতকারী অপরাধ সংঘটনের জন্য অবস্থান করছে খবরে র‍্যাব ও এপিবিএন পুলিশ যৌথ অভিযান চালায়। এতে সন্দেহজনক ঘটনাস্থল ঘিরে ফেললে ৭/৮ জন লোক দৌড়ে পালানোর চেষ্টা চালায়। এ সময় ধাওয়া দিয়ে ৪ জনকে গ্রেফতার করতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যায়।

র‍্যাবের এ কর্মকর্তা বলেন, গ্রেফতার ব্যক্তিরা রোহিঙ্গা আশ্রয় শিবিরে সংঘটিত বিভিন্ন ঘটনায় দায়ের মামলার এজাহারভুক্ত আসামি। এসব মামলায় তারা দীর্ঘদিন ধরে পলাতক ছিল। তারা মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরসার সক্রিয় সদস্য।

গ্রেফতার আসামিদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।