খাগড়াছড়িতে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদে মুক্তিযোদ্ধা কর্ণার স্থাপন
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়িতে সেনাবাহিনীর ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়নের সহযোগিতায় ত্রিপুরা সম্প্রদায়ের মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারীদের মুক্তিযোদ্ধাদের সম্মানে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদে মুক্তিযোদ্ধা কর্ণার স্থাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকালে জেলা সদরের মিলনপুরে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনটির সভাপতি সুশীল জীবন ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মুক্তিযোদ্ধা কর্ণারটির উদ্বোধন করেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ।

উদ্বোধনকালে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক দয়ানন্দ ত্রিপুরা’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে রিজিয়ন কমান্ডার গোলাম মহিউদ্দিন আহমেদ বলেন, এই মুক্তিযোদ্ধা কর্ণার ত্রিপুরা সম্প্রদায়ের নতুন প্রজন্মদের মুক্তিযুদ্ধে অনুপ্রাণিত করবে। এই কর্ণারটি শুধুমাত্র ত্রিপুরা জনগোষ্ঠীকে অনুপ্রাণিত করবে তা নয়, অন্যান্য জাতিগোষ্ঠীদেরকেও অনুপ্রাণিত করবে। অন্য গোষ্ঠীরা মুক্তিযুদ্ধে ত্রিপুরাদের অবদান সম্পর্কে জানতে চাইবে। ত্রিপুরাদের মুক্তিযোদ্ধা সম্পর্কে জানার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রাভেল করবে এই কর্ণার পর্যন্ত, ত্রিপুরাদের মুক্তিযুদ্ধ সম্পর্কে তথ্য সংগ্রহ করার জন্য। মুক্তিযোদ্ধাদের সাথে কথা বলার জন্য, আপনাদের অভিজ্ঞতা শোনার জন্য। তারা এখানে ট্রাভেল করবে। এই কর্ণারটি হবে সকলের কাছে জানার ও শেখার কর্ণার। পরিশেষে তিনি এমন একটি সুন্দর উদ্যোগ নেয়ার জন্য বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

এ সময় খাগড়াছড়ি সদর সেনা জোন অধিনায়ক লেঃ কর্ণেল আবুল হাসনাত, খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার মেজর মো. জাহিদ হাসান, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের সাবেক সভাপতি নলেন্দ্র লাল ত্রিপুরা, বীর মুক্তিযোদ্ধা হেমদা রঞ্জন ত্রিপুরা, বাংলাদেশ কল্যাণ সংসদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি বিবিসুৎ ত্রিপুরা (সুকান্ত), সাধারণ সম্পাদক স্নেহাশীষ ত্রিপুরা (মিঠু), সাংগঠনিক সম্পাদক তাপস কুমার ত্রিপুরা, দপ্তর সম্পাদক প্রমোদ বিকাশ ত্রিপুরা, অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক খগেন্দ্র কিশোর ত্রিপুরা, যুগ্ম-সাধারণ সম্পাদক কাজল বরণ ত্রিপুরা, আইন, বিচার ও ভূমি বিরোধ বিষয়ক সম্পাদক সনজীব ত্রিপুরা, পেরাছড়া ইউনিয়নের চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদের সভাপতি নবলেশ্বর দেওয়ান লায়ন, বীর মুক্তিযোদ্ধা ভূপেন্দ্র লাল ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদের সভাপতি নবলেশ্বর দেওয়ান, সাধারণ সম্পাদক জয় প্রকাশ ত্রিপুরাসহ অন্যানরা উপস্থিত ছিলেন ।