পাহাড়ে ম্রোদের মানোন্নয়নে ছাত্রাবাস নির্মাণ - Southeast Asia Journal

পাহাড়ে ম্রোদের মানোন্নয়নে ছাত্রাবাস নির্মাণ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবানের পার্বত্য এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠী তথা দুর্গম পাহাড়ে বসবাসরত ম্রো শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়নে নির্মিত হচ্ছে ‘ম্রো ছাত্রাবাস’। এক কোটি টাকা ব্যয়ে জেলার লামা পৌরসভার নিজস্ব জায়গায় দোতলাবিশিষ্ট এই ছাত্রাবাসটি নির্মাণ করা হচ্ছে।

বাংলাদেশ সেনাবাহিনীর সুপারিশে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংয়ের সহযোগিতায় ছাত্রাবাসের নির্মাণকাজ বাস্তবায়ন করছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড।

গত সোমবার দুপুরে ছাত্রাবাস নির্মাণকাজের উদ্বোধন করেন পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম। এ সময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী ত্রিদিব কুমার ত্রিপুরাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সেনাবাহিনীর বান্দরবান ব্রিগেড ও আলীকদম জোন কাজটি তদারকি করছে জানিয়ে উপসহকারী প্রকৌশলী ত্রিদিব কুমার ত্রিপুরা বলেন, ছাত্রাবাসের নিচ তলায় থাকবে অফিস কক্ষ ও হলরুম, দ্বিতীয় তলায় ছাত্রদের জন্য আবাসিক ব্যবস্থা। ২০২৪ সালের জুনে কাজ শেষে ছাত্রাবাস ভবনটি কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হবে। কাজটি শেষ হলে পড়ালেখায় এগিয়ে যেতে পারবে দুর্গম পাহাড়ি এলাকার ম্রো শিক্ষার্থীরা।

এর আগে, গত বছরের ১৯ জুলাই ছাত্রাবাস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সেনাবাহিনীর বান্দরবান রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. জিয়াউল হক।