উত্তর রাখাইন থেকে সেনা প্রত্যাহার করছে জান্তা: আরাকান আর্মি
![]()
নিউজ ডেস্ক
মিয়ানমারের উত্তর রাখাইন থেকে সেনা সদস্যদের প্রত্যাহার করে নিচ্ছে জান্তা সরকার। দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠি আরাকান আর্মির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে থাইল্যান্ড ভিত্তিক সংবাদ মাধ্যম ইরাবতি।
আরাকান আর্মি বলছে, নিশ্চিত হার জেনে উত্তর রাখাইন থেকে সরে যাচ্ছে জান্তা বাহিনী। একই সঙ্গে দক্ষিণ রাখাইনে বেসামরিক নাগরিকদের উপর হামলা বৃদ্ধি করেছে তারা।
গত রোববার রাখাইনের মেইবন শহরের দুটি পাহাড়ি আউটপোস্ট থেকে হেলিকপ্টারে করে জান্তা সদস্যদের সরিয়ে নেওয়ার পর আরাকান আর্মি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘নিশ্চিত পরাজয় জেনে জান্তা বাহিনী তাদের সেনা সদস্যদের সরিয়ে নিচ্ছে। একই সঙ্গে আউটপোস্টগুলো জ্বালিয়ে দিচ্ছে।’
মেইবনের ৪০২ ও ৪০৮ নম্বর আউটপোস্ট থেকে সেনা প্রত্যাহারের আগে সেখানে থাকা অস্ত্র ও গোলাবারুদ ধ্বংস করা হয়েছে বলেও জানিয়েছে আরাকান আর্মি। বিদ্রোহী গোষ্ঠিটির দাবি, সেনা সদস্যরা শুধুমাত্র বহনযোগ্য অস্ত্রগুলোই সঙ্গে নিয়েছে। মেইবন থেকে সরে গিয়ে তারা আরও ৩ কিলোমিটার উত্তরপশ্চিমে হিন খা র গ্রামে অবস্থান নিয়েছে।
এদিকে, দক্ষিণ রাখাইনের রামরিতে স্থল, আকাশ ও সমুদ্রপথে হামলা অব্যাহত রেখেছে। গত শনিবার লাগাতার হামলায় ৪ নম্বর কিং তায় ওয়ার্ডের অন্তত ১৫০টি ঘর ধ্বংস হয়েছে। থাইম টাঙ প্যাগোডায় অবস্থান করে সেখান থেকেও রোববার রামরি শহরে আর্টিলারি দিয়ে হামলা চালানো হয়েছে।
জান্তা বাহিনী আত্মসমর্পন না করা পর্যন্ত হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে আরাকান আর্মি। সোমবার এক বিবৃতিতে বিদ্রোহী গোষ্ঠিটি জানিয়েছে, ‘সেনাবাহিনী এখনও রাখাইনে তাদের পরাজয়ের বাস্তবতা বুঝতে পারছে না।’