সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সহযোগিতা করব: সেনাবাহিনী প্রধান

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সহযোগিতা করব: সেনাবাহিনী প্রধান

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সহযোগিতা করব: সেনাবাহিনী প্রধান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাষ্ট্রের সংস্কার শেষে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সেনাবাহিনী বর্তমান সরকারকে সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার জন্য আমাদের কাছে অন্তর্বতীকালীন সরকার যে ধরনের সহযোগিতা চাইবে সেটা আমরা করব।

আজ মঙ্গলবার বিকেলে রাজশাহী সেনানিবাসে আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ দেশের সার্বিক বিষয় নিয়ে গণমাধ্যমকর্মীদের ব্রিফকালে তিনি এ কথা জানান।

এ সময় সেনাপ্রধান বলেন, ‘দেশের বর্তমান পরিস্থিতি ক্রমেই স্বাভাবিক হয়ে আসছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোটাই নিয়ন্ত্রণে রয়েছে।’

সেনাপ্রধান বলেন, আনসার, র‌্যাব, বিজিবিসহ সবার সঙ্গেই কথা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত হয়ে এসেছে। আমি বলব যে, আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন সম্পূর্ণভাবেই আমাদের নিয়ন্ত্রণে। পুলিশ বিভিন্ন থানায় ইতোমধ্যে কাজ শুরু করেছে। আমরা পুলিশকে প্রটেকশন দিয়ে যাচ্ছি। তারা সম্পূর্ণভাবে যখন কাজকর্ম শুরু করে দেবে, তখন পরিস্থিতি আরও স্বাভাবিক হবে। তখন আমরা সেনানিবাসে ফেরত যাব। সেই পর্যন্ত আমরা কাজ করে যাব।

সংখ্যালঘু ইস্যুতে ওয়াকার-উজ-জামান বলেন, ‘দেশে ২০ জেলায় ৩০টি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এগুলোর একটিও কাম্য নয়। অপরাধী যেই হোক না কেন তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে। তবে দেশের বর্তমান পরিস্থিতিতে সংখ্যালঘু ইস্যুতে বহির্বিশ্বের কোনো চাপ নেই।’

জেনারেল ওয়াকার-উজ-জামান আরও বলেন, সংখ্যালঘু যে ইস্যুটা আছে, দেখলাম যে, এখানে (রাজশাহীতে) একেবারেই ওরকম কোনো ঘটনা ঘটেনি। রাজশাহীর বিভাগের আটটা জেলায় এমন কিছু ঘটেনি। এটা অত্যন্ত ভালো দিক এবং এই যে একটা সুন্দর পরিবেশ, সেটা সব সময়ই বজায় রাখতে হবে। আমরা সবাই মিলে কাজ করব এবং দেশকে উন্নতির দিকে নিয়ে যাব। আমরা সুন্দর ভবিষ্যতের দিকে যেতে চাই। সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। এই দেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারব যদি সবাই একসঙ্গে কাজ করি।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে সেনাপ্রধান আরও বলেন, ‘পুলিশ ট্রমার মধ্যে রয়েছে, ট্রমা কাটিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরে এলে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে।’

এ সময় রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর, পুলিশের রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আনিসুর রহমান, রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ, রাজশাহীর পুলিশ সুপার (এসপি) সাইফুর রহমানসহ ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজশাহী সেনানিবাসে পুলিশ প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন সেনাপ্রধান।

ভিডিও: