পিসিসিপি খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
![]()
নিউজ ডেস্ক
পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বিকেলে জেলা শহরের পিসিসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভা শেষে শতাধিক পরীক্ষার্থীর হাতে এসব শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়।
পিসিসিপি জেলা সভাপতি মো. মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ।
আলোচনা সভায় বক্তারা বলেন, সবচেয়ে বড় বৈষম্যের চিত্র হলো— একই পাহাড়ি ভূপ্রবেশে, একই কষ্টকর পরিবেশে বসবাস করেও পার্বত্য বাঙালি জনগোষ্ঠী শিক্ষা ও চাকরিতে কোটা সুবিধা থেকে বঞ্চিত হয়ে প্রতিনিয়ত পিছিয়ে পড়ছে। সরকারি তথ্যমতে, পার্বত্য চট্টগ্রামের মোট জনসংখ্যার প্রায় অর্ধেকই বাঙালি হলেও তারা আজ পরিসংখ্যানগতভাবে অবহেলিত, প্রান্তিক এবং কার্যত দ্বিতীয় শ্রেণির নাগরিকে পরিণত হয়েছে।
তারা বলেন, অবাঙালিদের জন্য সরকারি চাকরিতে পাঁচ শতাংশ কোটা সংরক্ষণের বিধান থাকলেও, বাঙালিরা সেই সুবিধা থেকে বঞ্চিত। এমনকি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজেও উপজাতি কোটার সুবিধা থাকলেও বাঙালিদের জন্য কোনো প্রকার সংরক্ষণ নেই। এর ফলে পাহাড়ের বাঙালি তরুণদের শিক্ষার হার মাত্র ২৩ শতাংশে এসে ঠেকেছে।
বক্তারা আরও বলেন, এটি শুধু জাতিগত বৈষম্যই নয়, বরং রাষ্ট্রের একটি বৃহৎ জনগোষ্ঠীকে উপযুক্ত মানবসম্পদ হিসেবে গড়ে তোলার সুযোগও হারানো হচ্ছে। এ বৈষম্য বন্ধ করে পার্বত্য চট্টগ্রামের বাঙালিদের জন্য সংবিধানসম্মত সমঅধিকার নিশ্চিত করার দাবি জানান তারা।
আলোচনা শেষে শতাধিক এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের হাতে খাতা, কলমসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে পিসিসিপি খাগড়াছড়ি জেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।