গভীর রাতে পানুয়াছড়া সীমান্তে বিজিবির অভিযান, ভারতীয় মোটরসাইকেল উদ্ধার
![]()
নিউজ ডেস্ক
চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার পানুয়াছড়া সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)’র রামগড় ব্যাটালিয়নের চোরাচালানবিরোধী অভিযানে একটি অবৈধ ভারতীয় মোটরসাইকেল আটক করা হয়েছে। গতকাল বুধবার (২২ জানুয়ারি) ভোররাতে সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে পরিচালিত নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ সাফল্য অর্জিত হয়।
বিজিবি সূত্রে জানা যায়, রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)-এর অধীনস্থ পানুয়াছড়া বিওপি’র একটি টহলদল ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আহসান উল ইসলামের দিকনির্দেশনায় বুধবার রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে পানুয়াছড়া সীমান্ত এলাকায় ফাঁদ পাতে। সীমান্ত পিলার ২২০৫/৬ আরবি থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কয়লারমুখ এলাকায় অবস্থান নেয় টহলদলটি।
পরবর্তীতে রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে টহলদল ভারত সীমান্ত দিক থেকে কয়েকজন চোরাকারবারীকে একটি মোটরসাইকেল নিয়ে বাংলাদেশের দিকে আসতে দেখতে পায়। এ সময় টহলদল তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা মোটরসাইকেলটি ঘটনাস্থলেই ফেলে রেখে দ্রুত ভারতের দিকে পালিয়ে যায়। পরে টহলদল ঘটনাস্থল তল্লাশি চালিয়ে একটি ভারতীয় ইয়ামাহা মোটরসাইকেল আটক করতে সক্ষম হয়।
ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আহসান উল ইসলাম জানিয়েছেন, সীমান্ত এলাকায় চোরাচালানের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে বিজিবি নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে। সীমান্ত সুরক্ষা জোরদার করার পাশাপাশি চোরাচালান, মাদকদ্রব্য, মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সদস্যরা ২৪ ঘণ্টা সীমান্তে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে সীমান্তবর্তী জনগণকে মাদক ও চোরাচালানের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করার কার্যক্রমও অব্যাহত রয়েছে।
বিজিবি কর্তৃপক্ষ সীমান্ত এলাকায় যেকোনো ধরনের চোরাচালান, মাদকদ্রব্য পরিবহন, মানব পাচার কিংবা অবৈধ অনুপ্রবেশ সংক্রান্ত তথ্য নিকটস্থ বিজিবি ক্যাম্পে জানিয়ে সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে চট্টগ্রামের উত্তরাঞ্চলীয় সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির তৎপরতা জোরদার করা হয়েছে, যার ফলে নিয়মিতভাবে অবৈধ পণ্য ও যানবাহন আটক হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।