ভারতীয় জলসীমা থেকে উদ্ধার জেলে আব্দুল মান্নানকে পরিবারের কাছে হস্তান্তর

ভারতীয় জলসীমা থেকে উদ্ধার জেলে আব্দুল মান্নানকে পরিবারের কাছে হস্তান্তর

ভারতীয় জলসীমা থেকে উদ্ধার জেলে আব্দুল মান্নানকে পরিবারের কাছে হস্তান্তর
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বঙ্গোপসাগরের ভারতীয় সীমানা সাগরদ্বীপ এলাকা থেকে উদ্ধার হওয়া বাংলাদেশি জেলে আব্দুল মান্নানকে (২২) পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত জেলে আব্দুল মান্নান কক্সবাজারের মহেশখালী উপজেলার বাসিন্দা।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত ১৩ জানুয়ারি কক্সবাজারের মহেশখালী উপজেলার ডালঘাট এলাকা থেকে একটি বাংলাদেশি মাছ ধরার ট্রলার মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে যাত্রা করে। মাছ ধরার সময় অসাবধানতাবশত ট্রলারটি আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করে ভারতীয় জলসীমায় প্রবেশ করে।

এ সময় ভারতীয় কোস্ট গার্ডের জাহাজ ‘কমলা দেবী’ ট্রলারটিকে ধাওয়া করলে আব্দুল মান্নান নামের এক জেলে ট্রলার থেকে পানিতে পড়ে যান। পরিস্থিতি বিবেচনায় ভারতীয় কোস্ট গার্ড তাৎক্ষণিকভাবে তাকে সমুদ্র থেকে উদ্ধার করে এবং মানবিক দৃষ্টিকোণ থেকে তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য বাংলাদেশ কোস্ট গার্ডের সঙ্গে যোগাযোগ করে।

এরই ধারাবাহিকতায়, সমুদ্রে টহলরত বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বানৌজা পদ্মার মাধ্যমে উদ্ধারকৃত জেলেকে বাংলাদেশ কোস্ট গার্ড আউটপোস্ট দুবলায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে বানৌজা পদ্মা জেলেকে কোস্ট গার্ড আউটপোস্ট দুবলায় হস্তান্তর করে। সেখান থেকে কোস্ট গার্ডের বোটযোগে গত বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকাল ৪টার দিকে তাকে কোস্ট গার্ড বেইস মোংলায় নিয়ে আসা হয়।

পরবর্তীতে উদ্ধারকৃত জেলেকে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে শরণখোলা থানার কাছে হস্তান্তর করা হয়। সংশ্লিষ্টরা জানান, এই ঘটনাটি সমুদ্রসীমায় দায়িত্ব পালনরত ভারতীয় কোস্ট গার্ড ও বাংলাদেশ কোস্ট গার্ডের মধ্যে বিদ্যমান পারস্পরিক সৌহার্দ্য, আস্থা ও সহযোগিতামূলক সম্পর্কের একটি ইতিবাচক দৃষ্টান্ত।

কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা আরও বলেন, উপকূলীয় ও সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিতকরণে দায়িত্ব পালনের পাশাপাশি মানবিক সহায়তা প্রদানেও বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।

প্রসঙ্গত, বৈরী আবহাওয়া ও দিকভ্রান্তির কারণে বঙ্গোপসাগরে বাংলাদেশি জেলেদের আন্তর্জাতিক জলসীমা অতিক্রমের ঘটনা প্রায়ই ঘটে থাকে। এ ধরনের পরিস্থিতিতে দুই দেশের কোস্ট গার্ডের সমন্বিত ও মানবিক ভূমিকা জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।