গণভোট ও জাতীয় নির্বাচন সামনে রেখে কুতুবদিয়ায় নৌবাহিনীর কন্টিজেন্ট পরিদর্শন
![]()
নিউজ ডেস্ক
আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ নৌবাহিনীর চট্টগ্রাম অঞ্চল কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান রবিবার কুতুবদিয়ায় নৌবাহিনীর কন্টিজেন্ট পরিদর্শন করেছেন। সকাল ৯টায় তিনি দক্ষিণ ধুরুং কুতুবদিয়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে স্থাপিত কন্টিজেন্ট ক্যাম্পে পৌঁছান।
পরিদর্শনকালে রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামশেদ আলম, সহকারী কমিশনার (ভূমি) সাকিব উল আলম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুল হক, উপজেলা নির্বাচন কর্মকর্তা নুরুল ইসলাম এবং কোস্টগার্ড কন্টিজেন্ট কমান্ডারসহ সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠকে অংশ নেন। বৈঠকে নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা প্রস্তুতি এবং আন্তঃবাহিনী ও প্রশাসনিক সমন্বয় বিষয়ে আলোচনা হয়।
এ সময় নৌবাহিনী অঞ্চল কমান্ডার কন্টিজেন্টে উপস্থিত কর্মকর্তা ও সদস্যদের উদ্দেশে বক্তব্য প্রদান করেন এবং নির্বাচনকালীন দায়িত্ব পালনে পেশাদারিত্ব, ন্যায়নিষ্ঠা ও সততার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের নির্দেশনা দেন। তিনি নির্বাচন প্রক্রিয়ায় জনগণের আস্থা বজায় রাখা এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
পরবর্তীতে তিনি উপজেলা সদরের বড়ঘোপ ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় স্থাপিত কন্টিজেন্ট ক্যাম্প পরিদর্শন করেন এবং কুতুবদিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নৌবাহিনীর ডিউটি স্পট ও বাঙ্কারসমূহ ঘুরে দেখেন। এসব স্থানে দায়িত্বপ্রাপ্ত সদস্যদের প্রস্তুতি ও কার্যক্রম সরেজমিনে পর্যালোচনা করেন তিনি।
প্রসঙ্গত, উপকূলীয় ও দ্বীপাঞ্চলগুলোতে নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করতে নৌবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বিত প্রস্তুতি ইতোমধ্যে জোরদার করা হয়েছে, যাতে ভোটগ্রহণ ও গণভোট শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করা যায়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।