উত্তর বাড্ডায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, গ্রেফতার ১
![]()
নিউজ ডেস্ক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রাজধানীতে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে উত্তর বাড্ডা এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ সময় নির্বাচনকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে অস্ত্র মজুদের অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গতকাল দিবাগত রাত আনুমানিক ২টার দিকে গোয়েন্দা সংস্থা থেকে প্রাপ্ত সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে জানা যায় যে, বাড্ডা থানাধীন উত্তর বাড্ডা এলাকার পোস্ট অফিস পাড়ায় নিজ বাসভবনে মোঃ মেহেদী হাসান বিপু বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও বিস্ফোরক গোপনে মজুদ করে রেখেছেন। প্রাপ্ত তথ্যের সত্যতা যাচাই করে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে একটি যৌথ অভিযান দল তাৎক্ষণিকভাবে ওই বাসভবনে সাঁড়াশি অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ওই বাসা থেকে ৭টি পিস্তল, ৩টি রিভলবার, ২টি এয়ারগান, ১টি ০.২২ মিমি বোরের রাইফেল, ২টি রাইফেল ম্যাগাজিন, ৮টি পিস্তল ম্যাগাজিন, ৩৯৪ রাউন্ড পিস্তলের গোলাবারুদ, ৩০ পিস কার্তুজ, দুই সহস্রাধিক এয়ারগান প্যালেট, ১টি দূরবীন, ৪টি পিস্তল গ্রীপ সাইট কভার, ৩টি চাইনিজ কুড়াল, ১টি বিদেশি ছুরি, ২টি ওয়াকিটকি সেট, ১টি ওয়াকিটকি ব্যাটারি এবং ১টি ল্যাপটপ (চার্জারসহ) উদ্ধার করা হয়। অভিযানে মোঃ মেহেদী হাসান বিপুকে গ্রেফতার করা হয়।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের নাশকতা ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সেনাবাহিনীর নেতৃত্বে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে নিয়মিত যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
প্রসঙ্গত, নির্বাচনকালীন সময়ে রাজধানীসহ সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সেনাবাহিনী ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সমন্বিত নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে এবং সাধারণ জনগণকে যেকোনো সন্দেহজনক বা অপরাধমূলক তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প বা আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে জানাতে আহ্বান জানানো হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।