ভারতের ছত্তিশগড়ে ৫১ মাওবাদীর আত্মসমর্পণ, মাথার মূল্য ছিল ১ কোটি ৬১ লাখ রুপি
![]()
নিউজ ডেস্ক
ভারতের ছত্তিশগড় রাজ্যের সুকমা ও বিজাপুর জেলায় নারী সদস্যসহ মোট ৫১ জন মাওবাদী আত্মসমর্পণ করেছে। আত্মসমর্পণকারী মাওবাদীদের মাথার ওপর ঘোষিত মোট পুরস্কারের পরিমাণ ১ কোটি ৬১ লাখ রুপি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আত্মসমর্পণের পর বাস্তার রেঞ্জের পুলিশ মহাপরিদর্শক সুন্দররাজ পি জানান, গত দুই বছরে ২ হাজার ৪০০-এর বেশি মাওবাদী সংগঠন ছেড়ে মূলধারায় ফিরে এসেছে। প্রশাসন আত্মসমর্পণকারী প্রত্যেককে সম্মানজনক পুনর্বাসন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন তিনি।
সুকমা জেলায় ১৪ জন নারীসহ ২১ জন মাওবাদী আত্মসমর্পণ করে, যাদের মাথার ওপর ঘোষিত পুরস্কারের পরিমাণ ৭৬ লাখ রুপি। এ সময় তাদের কাছ থেকে তিনটি একে-৪৭ রাইফেলসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
সুকমার পুলিশ সুপার কিরণ চাভান জানান, স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় মাওবাদীদের সঙ্গে যোগাযোগ স্থাপন সম্ভব হয়েছে। তিনি বলেন, বর্তমানে সুকমা এলাকায় মাত্র ২০ জনের মতো সশস্ত্র মাওবাদী সক্রিয় রয়েছে এবং তাদের মূলধারায় ফিরে আসার আহ্বান জানানো হয়েছে।
অন্যদিকে বিজাপুর জেলায় ২০ জন নারীসহ মোট ৩০ জন মাওবাদী আত্মসমর্পণ করেছে। বিজাপুরের পুলিশ সুপার জিতেন্দ্র যাদব জানান, এদের মাথার ওপর ঘোষিত পুরস্কারের পরিমাণ ছিল ৮৫ লাখ রুপি এবং তারা সহিংস আদর্শ পরিত্যাগ করে শান্তির পথে ফেরার সিদ্ধান্ত নিয়েছে।
কর্তৃপক্ষ জানায়, আত্মসমর্পণকারী প্রত্যেক মাওবাদীকে তাৎক্ষণিকভাবে ৫০ হাজার রুপি আর্থিক সহায়তা দেওয়া হবে এবং তাদের নামে ঘোষিত পুরস্কারের অর্থও প্রদান করা হবে। পাশাপাশি অস্ত্র জমা দেওয়ার জন্য অতিরিক্ত প্রণোদনা দেওয়া হবে, যার মধ্যে একে-৪৭ রাইফেলের জন্য সর্বোচ্চ ৪ লাখ রুপি নির্ধারণ করা হয়েছে।
প্রসঙ্গত, ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ২০২৬ সালের মার্চের মধ্যে মাওবাদী বিদ্রোহের অবসান ঘটানোর সময়সীমা নির্ধারণ করেছিলেন। যদিও সাম্প্রতিক বছরগুলোতে শীর্ষ পর্যায়ের বহু মাওবাদী নেতা নিহত বা আত্মসমর্পণ করেছেন, তবুও কয়েকজন শীর্ষ নেতা এখনও সক্রিয় থাকায় নিরাপত্তা বাহিনীর জন্য চ্যালেঞ্জ পুরোপুরি কাটেনি।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।