ডিআর কঙ্গো থেকে ৭০০ শান্তিরক্ষী প্রত্যাহার করছে দক্ষিণ আফ্রিকা
![]()
নিউজ ডেস্ক
জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের আওতায় কঙ্গোর গণতান্ত্রিক প্রজাতন্ত্রে (ডিআর কঙ্গো) মোতায়েন থাকা নিজেদের ৭০০ সেনাসদস্য প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা। দেশটির প্রেসিডেন্সি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট সিরিল রামাফোসা জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসকে আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্তের কথা অবহিত করেছেন। দক্ষিণ আফ্রিকা সরকার জাতিসংঘের ডিআর কঙ্গোস্থিত শান্তিরক্ষা মিশন মনুসকো (MONUSCO) থেকে তাদের সেনা অবদান প্রত্যাহার করতে যাচ্ছে।
এর আগে, ২০২৫ সালের শুরুতে পূর্ব কঙ্গোতে সংঘাত তীব্র আকার ধারণ করলে দক্ষিণ আফ্রিকা সাউদার্ন আফ্রিকান ডেভেলপমেন্ট কমিউনিটির (এসএডিসি) আরেকটি সামরিক মিশনের আওতায় মোতায়েন শত শত সেনাকে ফিরিয়ে আনে। ওই সময় সরকারপন্থী বাহিনী ও এম২৩ বিদ্রোহী গোষ্ঠীর সংঘর্ষে দক্ষিণ আফ্রিকার অন্তত ১৭ সেনা নিহত হন।
প্রেসিডেন্সির বিবৃতিতে আরও জানানো হয়, দীর্ঘ ২৭ বছর ধরে ডিআর কঙ্গোতে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে সহায়তার পর দক্ষিণ আফ্রিকান ন্যাশনাল ডিফেন্স ফোর্সের (এসএএনডিএফ) সম্পদ পুনর্গঠন ও পুনর্বিন্যাসের প্রয়োজন থেকেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মনুসকোর শীর্ষ ১০ সেনা অবদানকারী দেশের একটি দক্ষিণ আফ্রিকা, তবে চলতি বছরের শেষ নাগাদ সেনা প্রত্যাহার প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
উল্লেখ্য, ২০২৫ সালের শুরু থেকে ডিআর কঙ্গোর পূর্বাঞ্চলে এম২৩ বিদ্রোহী গোষ্ঠী ব্যাপক এলাকা ও গুরুত্বপূর্ণ শহরের নিয়ন্ত্রণ নেওয়ায় নিরাপত্তা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটে, যা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ভবিষ্যৎ নিয়েও নতুন করে প্রশ্ন তুলেছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।