নির্বাচনী নিরাপত্তা নিশ্চিতে চট্টগ্রামের ফটিকছড়িতে সেনাবাহিনীর নেতৃত্বে মহড়া
![]()
নিউজ ডেস্ক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬কে সামনে রেখে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে একটি সমন্বিত নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত হয়েছে।
সেনাবাহিনীর ২৪ আর্টিলারি ব্রিগেড ও গুইমারা রিজিয়নের আওতাধীন লক্ষীছড়ি জোনের তত্ত্বাবধানে আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) ফটিকছড়ি আর্মি ক্যাম্পের ব্যবস্থাপনায় এ মহড়া পরিচালিত হয়।

নির্বাচনী সময়ে সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় নিরাপত্তা বাহিনীর প্রস্তুতি যাচাই, ভোটকেন্দ্রের সুরক্ষা নিশ্চিতকরণ এবং দ্রুত ও সমন্বিত প্রতিক্রিয়া প্রদর্শনের লক্ষ্যে এ মহড়া আয়োজন করা হয়।
মহড়াটি আব্দুর রহমান তায়বিয়া জামে মসজিদ এলাকা, দক্ষিণ রাঙ্গামাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ফটিকছড়ি উপজেলা পরিষদ প্রাঙ্গণে পরিচালিত হয়।

মহড়ার অংশ হিসেবে আব্দুর রহমান তায়বিয়া জামে মসজিদের নিকটে সড়ক অবরোধের একটি কাল্পনিক পরিস্থিতি সৃষ্টি করা হয়, যা যৌথ টহল দল দ্রুত নিয়ন্ত্রণে আনে। দক্ষিণ রাঙ্গামাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্রে বিশৃঙ্খলার পরিস্থিতি এবং ফটিকছড়ি উপজেলা পরিষদে ভোট গণনা প্রক্রিয়া বিঘ্নিত করার কাল্পনিক প্রচেষ্টাও সফলভাবে মোকাবিলা করা হয়।
ভিডিও: সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ, তাৎক্ষণিক সেনা পদক্ষেপ
এসময় বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে র্যাব-৭ ও বিজিবির যৌথ টহল দল সমন্বিতভাবে দায়িত্ব পালন করে।

মহড়া শেষে গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মুহম্মদ নুরুল আমিন অংশগ্রহণকারী নিরাপত্তা বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
তিনি নির্বাচনকালীন শৃঙ্খলা রক্ষা, বাহিনীগুলোর পারস্পরিক সমন্বয়, দ্রুত প্রতিক্রিয়া ও পেশাদারিত্ব বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

একই সঙ্গে অংশগ্রহণকারীদের মধ্যে মতবিনিময় ও পরামর্শ আদান-প্রদান করা হয়।
সংশ্লিষ্টরা জানান, এ ধরনের মহড়ার মাধ্যমে ভোটকেন্দ্রের নিরাপত্তা জোরদার হবে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত ও কার্যকরভাবে মোকাবিলা করা সম্ভব হবে।
প্রসঙ্গত, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে বাংলাদেশ সেনাবাহিনীর ধারাবাহিক প্রস্তুতি ও সমন্বিত কার্যক্রম নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।