বেঁচে থেকেও তালিকায় ‘মৃত’: ভারতে ২শ মুসলিম ভোটারের নাম কাটার চেষ্টায় উত্তেজনা
![]()
নিউজ ডেস্ক
উত্তরপ্রদেশের মিরাটে জীবিত ব্যক্তিদের ‘মৃত’ বা ‘স্থানান্তরিত’ দেখিয়ে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার এক চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। জেলাটির কিঠোর বিধানসভা কেন্দ্রের আমীনাবাদ বড়া গাঁও গ্রামে প্রায় ২০০ জন ভোটারের নাম কাটার এই অপচেষ্টাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগীদের অধিকাংশই মুসলিম সম্প্রদায়ের।
ভোটার তালিকা সংশোধনের কাজ চলাকালীন গ্রামবাসীরা স্থানীয় পোলিং বুথে নিজেদের তথ্য যাচাই করতে গিয়ে দেখতে পান যে, প্রায় ২০০ জন ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়ার জন্য আগে থেকেই ‘ফর্ম-৭’ জমা দেওয়া হয়েছে। স্থানীয়দের অভিযোগ, এই আবেদনগুলোতে প্রায় ৬০ জন জীবিত মানুষকে ‘মৃত’ দেখানো হয়েছে এবং অনেককে গ্রাম ছেড়ে চলে গেছেন বলে দাবি করা হয়েছে।
সাবেক গ্রাম প্রধান তালিব চৌধুরী সংবাদমাধ্যমকে জানান, বিজেপি ঘনিষ্ঠ মনবীর নামের এক ব্যক্তি বুথ লেভেল অফিসারকে এই ২০০টি আবেদন জমা দিয়েছিলেন। তালিব চৌধুরী বলেন, “আমি যখন ফর্মগুলো পরীক্ষা করি, তখন অবাক হয়ে দেখি অনেক জীবিত মানুষকে মৃত হিসেবে দেখানো হয়েছে।”
ঘটনাটি জানাজানি হতেই ক্ষুব্ধ গ্রামবাসীরা আমীনাবাদ প্রাথমিক বিদ্যালয়ে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। উত্তেজনার খবর পেয়ে জেলা ম্যাজিস্ট্রেট (ডিএম) ভি.কে. সিং ঘটনার তদন্তের নির্দেশ দেন। তদন্তে গাফিলতি ধরা পড়ায় সংশ্লিষ্ট বুথ লেভেল অফিসারমহম্মদ জাফরকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
জেলা ম্যাজিস্ট্রেট আশ্বাস দিয়ে বলেছেন, “কোনো বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হবে না। নাম কাটার জন্য একটি নির্দিষ্ট আইনি প্রক্রিয়া ও শুনানির প্রয়োজন হয়। সেই প্রক্রিয়া অনুসরণ না করে কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব নয়।”
এই ঘটনাটি স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মধ্যে ভীতি ও অবিশ্বাসের জন্ম দিয়েছে। গ্রামবাসীদের দাবি, এটি একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র যাতে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের ভোটাধিকার কেড়ে নেওয়া যায়। এক যুবক বলেন, “এটি আমাদের গণতান্ত্রিক অধিকারের ওপর আঘাত। আমরা সতর্ক থাকব যাতে আমাদের নাম নিঃশব্দে মুছে ফেলা না যায়।” বর্তমানে ওই বুথে নতুন একজন বিএলও নিয়োগ করা হয়েছে এবং পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ মোতায়েন রয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।