সংবিধানের অজুহাত দিয়ে সরকার জুলাইয়ের অঙ্গীকার ভঙ্গ করছে: হামিদুর রহমান আযাদ
![]()
নিউজ ডেস্ক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এএইচএম হামিদুর রহমান আযাদ বলেছেন, জুলাই অভ্যূত্থান ছিল গণআকাঙ্ক্ষার প্রতীক, বৈষম্যহীনতা, ন্যায়, ইনসাফ ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সংস্কারের প্রতিশ্রুতিই ছিল এর মূল ভিত্তি। কিন্তু বিএনপি ক্ষমতায় এসে সংবিধানকে ঢাল হিসেবে ব্যবহার করে সংস্কার প্রক্রিয়াকে পাশ কাটানোর চেষ্টা করছে। সংবিধান জনগণের কল্যাণে প্রণীত জনগণের অভিপ্রায় উপেক্ষার জন্য নয়। তাই সংস্কারবিরোধী যে কোনো চক্রান্ত জনগণই প্রতিহত করবে বলে মন্তব্য করেন তিনি।
বুধবার (৪ মার্চ ) বিকেলে মহেশখালী উপজেলা দক্ষিণ আয়োজিত তৃণমূল নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ড. হামিদুর রহমান আযাদ বলেন, জুলাই সনদ বাস্তবায়নে গণভোট একটি মীমাংসিত বিষয়। এ নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। ১২ ফেব্রুয়ারি জনগণ গণভোটের পক্ষে রায় দিয়েছে বলে দাবি করে তিনি বলেন, সরকার সংবিধানের দোহাই দিয়ে জনগণ প্রতিষ্ঠিত সেই রায় উপেক্ষা করে জনগণের বিরুদ্ধেই অবস্থান নিয়েছে। জনরায়ের বিরুদ্ধে গিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে তার জবাব জনগণই দেবে বলেও সতর্ক করেন তিনি।
তিনি আরও বলেন, স্বাধীন ও রাজনৈতিক প্রভাবমুক্ত বিচার বিভাগ নিশ্চিত না হলে গণতন্ত্র সুসংহত করা সম্ভব নয়। সরকার কৌশলে গণভোটের বৈধতা নিয়ে আদালতকে প্রশ্নবিদ্ধ করছে বলেও অভিযোগ করেন তিনি। বিচার বিভাগকে রাজনীতিকরণ করা হলে মানুষের মধ্যে অনাস্থা তৈরি হবে এমন আশঙ্কাও প্রকাশ করেন।
এ সময় নির্বাচন-পরবর্তী বিভিন্ন স্থানে সহিংসতা, মব ভায়োলেন্স ও নানা অনিয়মের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ না নেওয়ার বিষয়েও সমালোচনা করেন তিনি।
উপজেলা দক্ষিণ সেক্রেটারি আব্দুর রহিমের সঞ্চালনায় এবং উপজেলা দক্ষিণ আমীর মাস্টার শামিম ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা কর্মপরিষদ সদস্য মো. জাকের হোসাইন, সাবেক ছাত্রনেতা ও কক্সবাজার শহর জামায়াতে ইসলামীর সাংগঠনিক সেক্রেটারি কামরুল হাসান, সাবেক ছাত্রনেতা মো. আজিজসহ জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।