নাইক্ষ্যংছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগে ৩৩ জনের বিরুদ্ধে মামলা

নাইক্ষ্যংছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগে ৩৩ জনের বিরুদ্ধে মামলা

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগে ৩৩ জনের বিরুদ্ধে মামলানাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাকারবারীদের হামলায় ২ বিজিবি সদস্য আহত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ির ফুলতলী সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের ওপর হামলার অভিযোগে ৩৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার রাতে ১১ বিজিবির হাবিলদার মো. জহিরুল ইসলাম বাদী হয়ে নাইক্ষ্যংছড়ি থানায় মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল বাতেন মৃধা।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ল্যান্স নায়েক মো. রাজু আহমেদের নেতৃত্বে বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় টহলকালে মিয়ানমার থেকে বাংলাদেশে ৪০ থেকে ৫০টি বার্মিজ গরু পাচারের চেষ্টা দেখতে পান। এ সময় বিজিবি সদস্যরা গরুগুলো জব্দের চেষ্টা করলে চোরাকারবারিরা গরু নিয়ে জঙ্গলাকীর্ণ পথ ধরে পালিয়ে যায়।

পরে রেইক্কাছড়া এলাকায় পৌঁছে বিজিবি সদস্যরা পাচারকারী দলের কয়েকজনকে গরুসহ আটক করার চেষ্টা করেন। এ সময় তারা দুটি গরু জব্দ করতে সক্ষম হন, যার আনুমানিক মূল্য প্রায় চার লাখ টাকা বলে দাবি করা হয়েছে।

গরু জব্দকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে একপর্যায়ে চোরাকারবারিরা বিজিবি সদস্যদের ওপর হামলা চালায়। এতে কয়েকজন বিজিবি সদস্য আহত হন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর নাইক্ষ্যংছড়ি থানায় দায়ের করা মামলায় ১৭ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ১৬ জনকে আসামি করা হয়েছে।

মামলায় উল্লেখিত আসামিরা হলেন— ইসমাইল হোসেন (৩৬), মো. সোহেল রানা (৩০), মো. নয়ন আহম্মেদ (৩০), মো. মিজানুর রহমান (২৬), মো. শাহাবুদ্দিন (৩৫), মো. বদিউজ্জামান (৪০), মো. এবাদুল্লাহ (৩২), মো. রুবেল (৩২), মো. ইউসুফ (৩৫), ইকবাল (৩৩), আলী আকবর (৩৫), মেহেদী (২৯), আফসার (৩৭), শোয়াইব (২৮), জসিম মেম্বার (৫০), মো. ইসহাক (২৫) ও লালু (২২)।

নাইক্ষ্যংছড়ি থানার ওসি মো. আবদুল বাতেন মৃধা বলেন, “ঘটনার সঙ্গে জড়িত আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করা হয়েছে। দ্রুত তাদের আটক করে আদালতে পাঠানোর জন্য অভিযান অব্যাহত রয়েছে।”

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।