মুক্তিপণের দাবিতে অপহৃত ৬ জেলেকে উদ্ধার করল কোস্ট গার্ড

মুক্তিপণের দাবিতে অপহৃত ৬ জেলেকে উদ্ধার করল কোস্ট গার্ড

মুক্তিপণের দাবিতে অপহৃত ৬ জেলেকে উদ্ধার করল কোস্ট গার্ড
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সুন্দরবনে দুর্ধর্ষ দস্যু চক্র ‘নানা ভাই বাহিনী’র হাতে জিম্মি থাকা ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড।

মঙ্গলবার (১৭ মার্চ) ভোরে পরিচালিত এক অভিযানে তাদের উদ্ধার করা হয়। কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দফতরের কর্মকর্তা লেফটেন্যান্ট আশিকুল ইসলাম ইমন এক প্রেস ব্রিফিং করে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ৭ মার্চ সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরতে গিয়ে ৬ জেলে নানা ভাই বাহিনীর সদস্যদের হাতে অপহৃত হন। পরে তাদের জিম্মি রেখে মুক্তিপণ আদায়ের জন্য নির্যাতন করা হচ্ছিল।

এ ঘটনায় ভুক্তভোগী এক জেলের স্বজন মো. কবির কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ অভিযোগ জানান। অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি চালিয়ে (১৭ মার্চ) মঙ্গলবার ভোর ৫টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ান সদস্যরা শিবসা নদী সংলগ্ন কালির খাল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় ডাকাতরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে জিম্মিদের রেখে বনের ভেতরে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে ঘটনাস্থল থেকে ৬ জেলেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া জেলেদের মধ্যে রফিকুল (৩০), আলামিন (২৬) ও ইসমাঈল শানা (২৪) খুলনার কয়রা উপজেলার বাসিন্দা। অপরদিকে রমজান আলী (৩৬), রেজওয়ান (২২) ও মিয়া রাজ (১৮) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বাসিন্দা।

উদ্ধারকৃত জেলেদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

কোস্ট গার্ড কর্মকর্তা আরও বলেন, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।