চাঁদা না পেয়ে বাঙালি কৃষকের ৮শ পেঁপে গাছ কাটল জেএসএস সন্ত্রাসীরা: লংগদুতে প্রতিবাদ সমাবেশ
![]()
জার্নাল প্রতিবেদক
রাঙ্গামাটির লংগদু উপজেলার আসামবস্তি এলাকায় জেএসএস সন্ত্রাসী কর্তৃক বাঙালি কৃষক মোঃ খলিল মিয়ার পেঁপে বাগান ধ্বংসের ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ আগস্ট ২০২৬) বিকেল ৫টায় লংগদু উপজেলা প্রেসক্লাবের সামনে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) লংগদু উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, কৃষক মোঃ খলিল মিয়া দীর্ঘ পরিশ্রম ও শ্রমের মাধ্যমে প্রায় ২ হাজার পেঁপে গাছের একটি বাণিজ্যিক বাগান গড়ে তোলেন। তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে জেএসএসের সশস্ত্র সদস্যরা তার কাছে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছিল। নির্ধারিত সময়ে চাঁদার টাকা পরিশোধ করতে না পারায় গত বৃহস্পতিবার গভীর রাতে তার বাগানে হামলা চালিয়ে প্রায় ৮০০টি পেঁপে গাছ কেটে ফেলা হয়। এতে তার ব্যাপক আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
এ ঘটনার প্রতিবাদে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ লংগদু উপজেলা শাখার সভাপতি সুমন তালুকদার, সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ খালিদ রেজা এবং ক্ষতিগ্রস্ত কৃষক মোঃ খলিল মিয়া। এছাড়াও সংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলে সাধারণ কৃষক ও নিরীহ মানুষের ওপর চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন এবং কৃষি সম্পদ ধ্বংসের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধন থেকে ক্ষতিগ্রস্ত কৃষক মোঃ খলিল মিয়াকে যথাযথ ক্ষতিপূরণ প্রদান এবং পার্বত্য অঞ্চলে কৃষক ও সাধারণ মানুষের জানমাল ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।