নাফ নদী থেকে নৌকাসহ ৭ জেলেকে ধরে নিয়ে গেছে ‘আরাকান আর্মি’
![]()
নিউজ ডেস্ক
কক্সবাজারের টেকনাফ উপজেলায় নাফ নদীতে মাছ ধরার সময় দুটি নৌকাসহ সাত জেলেকে ধরে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার তিনজন এবং মঙ্গলবার সন্ধ্যায় চারজনকে শাহপরীর দ্বীপ সংলগ্ন নদীর মোহনা থেকে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা ধরে নিয়ে যায় বলে দাবি সাবরাং ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আব্দুস সালাম।
অপহরণের শিকার জেলেরা হলেন- মো. আবুল কালাম (৫০), মো. ছাদেক (৩০), আবদুর শুকুর (৪০), মো. রবি আমল (১১), মঞ্জুর আলম (২৭), মো. রাসেল (১৮) এবং মো. শরিফ (১২)। তারা উপজেলার শাহপরীর দ্বীপ জালিয়া পাড়া ও দক্ষিণ পাড়া গ্রামের বাসিন্দা।
ইউপি সদস্য আব্দুস সালাম বলেন, বেলা সাড়ে ৩টায় দিকে নদীতে মাছ শিকারের সময় একটি নৌকাসহ তিন মাঝিমাল্লা এবং মঙ্গলবার সন্ধ্যার দিকে আরেকটি নৌকাসহ চার মাঝিমাল্লাদের ধরে নিয়ে যায় আরাকান আর্মির সদস্যরা।
তিনি বলেন, আরাকান আর্মির কারণে নাফ নদী ও সাগরে মাছ শিকারে যাওয়া অসম্ভব হয়েছে পড়েছে। সাগর থেকে প্রায় সময় ট্রলারসহ জেলেদের ধরে নিয়ে যাচ্ছে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীটি। এভাবে চলতে থাকলে জেলে ও নৌকার মালিকদের মাঝে দুর্দিন নেমে আসবে। এ ঘটনা বন্ধে সরকারে সহায়তা চেয়েছেন তিনি।
শাহপরীর দ্বীপ জালিয়া পাড়া জেলে সমিতির সভাপতি আব্দুল গনি বলেন, তাদের ঘাটের ইঞ্জিন চালিত দুটি নৌকাসহ সাত জেলে নাফ নদীর মোহনায় মাছ শিকারে যান। মাছ ধরার সময় নৌকাগুলোকে স্পিড বোট নিয়ে ধাওয়া করে সাত জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি। পরে বিষয়টি বিজিবি ও স্থানীয় প্রশাসনকে জানানো হয়।
এ ঘটনার পর থেকে মাছ ধরা নৌকার মালিক ও জেলে পরিবারের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলে জানান তিনি।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইনামুল হাফিজ নাদিম বলেন, “কিছু জেলেকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি নৌকার মালিকদের কাছ থেকে শুনেছি। জেলেদের ফেরত আনতে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী কাজ চালিয়ে যাচ্ছে।”
বিজিবি জানায়, সীমানা অতিক্রম করার অভিযোগে গত দেড় বছরে নানা সময় অন্তত চার শতাধিক জেলেকে ধরে নিয়ে গেছে আরকান আর্মি। যাদের মধ্যে আড়াই শতাধিক জেলেকে ফিরিয়ে আনা হয়েছে। সবশেষ ১৬ ফেব্রুয়ারি ফেরত আসেন ৭৩ জেলে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।