সেনাবাহিনীর সহায়তায় সাজেক কলেজে প্রথমবার স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
![]()
নিউজ ডেস্ক
বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক কলেজে প্রথমবারের মতো স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনীর বাঘাইহাট জোনের সহায়তায় বৃহস্পতিবার সকালে গঙ্গারাম বাজারস্থ কলেজ মাঠে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের আয়োজন করেন বাঘাইহাট জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তারেকুল ইমরান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোনের উপ-অধিনায়ক মেজর মো. সালমান সিদ্দিক এবং লেফটেন্যান্ট আব্দুল্লাহ আল আরাফাতসহ সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তারা।

এছাড়াও অনুষ্ঠানে অংশ নেন ৩৬ নং সাজেক ইউনিয়নের চেয়ারম্যান অতুলাল চাকমা, সাবেক চেয়ারম্যান নয়ন চাকমা, ৪নং ওয়ার্ডের সদস্য দয়াধন চাকমা, সংরক্ষিত নারী সদস্য সুমিতা চাকমা, কারবারি অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা, কারবারি জ্যোতিলাল চাকমা, সাজেক কলেজের অধ্যক্ষ সুমন চাকমা, কলেজ পরিচালনা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী এবং সাধারণ মানুষ।
অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা এবং স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তারেকুল ইমরান বলেন, “মহান স্বাধীনতা দিবস জাতির জন্য গর্বের দিন। এই দিনে আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি। এই দিবসটি যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও আনন্দের সঙ্গে উদযাপন করা আমাদের দায়িত্ব।”
তিনি আরও বলেন, দুর্গম পার্বত্য অঞ্চলেও নতুন প্রজন্মের মধ্যে স্বাধীনতার চেতনা জাগ্রত করতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাঘাইহাট জোনের আওতাধীন এলাকায় সকলের সম্মিলিত অংশগ্রহণে জাতীয় দিবসগুলো যথাযথ মর্যাদায় উদযাপনের উদ্যোগ অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

স্থানীয়রা জানান, সাজেকের মতো দুর্গম এলাকায় এই প্রথমবারের মতো কলেজ পর্যায়ে স্বাধীনতা দিবস উদযাপন শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম ও ইতিহাস সম্পর্কে আগ্রহ তৈরি করেছে।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরাও এ আয়োজনকে তাৎপর্যপূর্ণ ও অনুপ্রেরণাদায়ক হিসেবে উল্লেখ করেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, সেনাবাহিনীর সহায়তায় এ ধরনের উদ্যোগ পার্বত্য অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে জাতীয় চেতনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং স্থানীয় জনগণের সঙ্গে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সম্পর্ক আরও সুদৃঢ় করবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।