ভারতের ত্রিপুরায় অবৈধ অনুপ্রবেশ: তিন বাংলাদেশি ও এক দালাল আটক
![]()
নিউজ ডেস্ক
ত্রিপুরায় অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের অভিযোগে আজ সোমবার (৩০ মার্চ) পৃথক অভিযান চালিয়ে তিন বাংলাদেশি নাগরিক ও এক ভারতীয় দালালকে আটক করেছে পুলিশ।
পশ্চিম আগরতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রানা চ্যাটার্জি জানান, ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা সোহাগ মিয়া নামের এক বাংলাদেশি নাগরিককে গোপন সংবাদের ভিত্তিতে জয়পুর সীমান্ত এলাকায় ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে বিএসএফ সদস্যরা আটক করে। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
অন্যদিকে, সিপাহিজলা জেলার যাত্রাপুর থানার পুলিশ পৃথক অভিযানে নাকা চেকিংয়ের সময় একটি যানবাহন থামিয়ে তল্লাশি চালিয়ে দুই বাংলাদেশি নাগরিক ও এক ভারতীয় দালালকে আটক করে। আটকরা হলেন—বাংলাদেশের বরিশালের বাসিন্দা মোহাম্মদ ইয়াসিন ও মোহাম্মদ হিজবুল এবং সিপাহিজলা জেলার বাসিন্দা মো. মহিউদ্দিন।
তল্লাশির সময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন এবং নগদ ১ হাজার ৮১০ বাংলাদেশি টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, আটক বাংলাদেশি নাগরিকরা দালালের সহযোগিতায় ভারতে প্রবেশ করে রাজমিস্ত্রি হিসেবে কাজ করার উদ্দেশ্যে সোনামুড়ায় যাওয়ার পরিকল্পনা করছিলেন।
আটক চারজনকে হেফাজতে রাখা হয়েছে এবং তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।