বাঘাইছড়িতে সীমান্ত সড়কে বিজিবির অভিযানে ৫০ লিটার অকটেন জব্দ
![]()
নিউজ ডেস্ক
রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সড়কে অভিযান চালিয়ে ৫০ লিটার চোরাচালানী জ্বালানি তেল (অকটেন) জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১ এপ্রিল) রাতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)-এর অধীনস্থ একটি টহল দল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, বাঘাইছড়ি উপজেলার মাঝিপাড়া সীমান্ত সড়ক হয়ে মারিশ্যার দিকে একটি মোটরসাইকেলের মাধ্যমে ভারত থেকে বাংলাদেশে অকটেন পাচারের চেষ্টা চলছে। এ তথ্যের পরিপ্রেক্ষিতে মারিশ্যা জোনের অধীনস্থ কচুছড়ি বিজিবি ক্যাম্প চেকপোস্টে তল্লাশি জোরদার করা হয়।
চেকপোস্ট কমান্ডার নায়েক মোঃ মাহফুজুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে রাত আনুমানিক ৮টার দিকে একটি সন্দেহভাজন মোটরসাইকেলকে থামার সংকেত দেওয়া হয়। তবে সংকেত অমান্য করে মোটরসাইকেল চালক দ্রুত ঘুরে পালিয়ে যায়। এ সময় তার বহন করা একটি প্লাস্টিকের বস্তা সড়কে পড়ে যায়।
পরবর্তীতে বিজিবির টহল দল ঘটনাস্থল তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় বস্তার ভেতর থেকে ১টি জারিকেন এবং ৩০টি প্লাস্টিকের বোতলে মোট ৫০ লিটার অকটেন উদ্ধার করে। জব্দকৃত অকটেনের আনুমানিক সিজার মূল্য ৬ হাজার ৫০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
মারিশ্যা জোন (২৭ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ জানান, তাদের দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিতভাবে চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালিত হচ্ছে। চোরাকারবারীরা বিভিন্ন অভিনব কৌশল অবলম্বন করলেও বিজিবি গোয়েন্দা নজরদারি ও টহল জোরদারের মাধ্যমে এসব কার্যক্রম দমন করে যাচ্ছে।
তিনি আরও জানান, সীমান্তে চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।