খাগড়াছড়িতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহকর্মীর আঘাতে চিকিৎসক আহত, থানায় অভিযোগ
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে না-দাবী সনদ (এনওসি) সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক চিকিৎসক কর্তৃক অপর চিকিৎসকের ওপর হামলার অভিযোগ উঠেছে। এতে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা মো. শফিকুল ইসলাম গুরুতর আহত হন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে হাসপাতালের জরুরি বিভাগে এ ঘটনা ঘটে। আহত শফিকুল ইসলাম রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, সম্প্রতি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি হওয়া সহকর্মী বিজয় মজুমদার ‘লাস্ট পে সার্টিফিকেট’ (এলপিসি) সংগ্রহের অংশ হিসেবে এনওসি নিতে দুপুর দুইটার দিকে শফিকুল ইসলামের কাছে যান। এ সময় ইনচার্জ হিসেবে শফিকুল ইসলাম তার কাছে থাকা হাসপাতালের একটি সরকারি বড় তালা ফেরত দিতে বলেন। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।
অভিযোগ উঠেছে, এক পর্যায়ে বিজয় মজুমদার টেবিলের ওপর থাকা একটি মোটা কাঠের স্কেল দিয়ে শফিকুল ইসলামের মাথায় সজোরে আঘাত করেন। এতে তার মাথা ফেটে যায় এবং তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়।
ঘটনার বিষয়ে শফিকুল ইসলাম বলেন, “সরকারি মালামাল বুঝিয়ে দিতে বলায় তিনি আমার ওপর হামলা করেছেন।”
তিনি আরও জানান, চিকিৎসা নেওয়ার পর রাত ১০টার দিকে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে সহকর্মী বিজয় মজুমদারের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে।
অভিযুক্ত বিজয় মজুমদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, ঘটনাটি অসাবধানতাবশত দুর্ঘটনা এবং তারা বিষয়টি নিজেদের মধ্যে মীমাংসা করেছেন। একই সঙ্গে তিনি এ বিষয়ে সংবাদ প্রকাশ না করার অনুরোধ জানান।
এ বিষয়ে রামগড় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বি এম মোজাম্মেল হক বলেন, সহকর্মীদের মধ্যে সংঘটিত ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং হাসপাতালের বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম জানান, লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।